নিজস্ব প্রতিবেদক
দেশের বৈদেশিক মুদ্রার মোট (গ্রস) রিজার্ভ বেড়ে ৩৬ হাজার ৪৮১ দশমিক ০৬ মিলিয়ন ডলার বা প্রায় ৩৬ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান তথ্যটি নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) 'বিপিএম-৬' (BPM6) পদ্ধতি অনুসরণ করে বর্তমানে দেশের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ হাজার ৭৮৪ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলারে। আগের দিন ২২ জুলাই পর্যন্ত বিপিএম-৬ পদ্ধতিতে এই পরিমাণ ছিল ৩১ হাজার ৭৭০ দশমিক ০৮ মিলিয়ন ডলার।
রেমিট্যান্সের ইতিবাচক প্রবাহ রিজার্ভ বাড়াতে বিশেষ ভূমিকা রাখছে। চলতি জুলাই মাসের প্রথম ২০ দিনেই দেশে এসেছে ১৮০ কোটি ২৬ লাখ (১.৮০ বিলিয়ন) ডলার সমপরিমাণ রেমিট্যান্স। এর মধ্যে সর্বোচ্চ ১২৬ কোটি ৬৪ লাখ ডলার এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে। এছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ২৮ কোটি ৭৮ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকে ২৪ কোটি ৫২ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোতে ৩০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।