নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল খুব দ্রুত ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।
আব্দুর রহমানেল মাছউদ বলেন, সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। যেহেতু আজ (২৪ জুলাই) রাষ্ট্রপতির পদ শূন্য হয়েছে, তাই রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারই রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।
তিনি জানান, বিদ্যমান সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ৩৫০ জন সদস্য রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার। তাদের নিয়ে ভোটার তালিকা প্রস্তুত করার পর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
ইসি কমিশনার আরও বলেন, সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মতোই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। একাধিক প্রার্থী থাকলে ভোট গ্রহণ হবে, আর একমাত্র প্রার্থী থাকলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।
শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় নির্বাচন কমিশনের কার্যক্রম বন্ধ থাকবে। রোববার কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেবে।
আব্দুর রহমানেল মাছউদ বলেন, “খুব দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।”