নিজস্ব প্রতিবেদক
গুরুতর শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৪ জুলাই) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। পরে জাতীয় সংসদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান স্পিকার।
সংবাদ সম্মেলনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, বিভিন্ন স্বাস্থ্যগত জটিলতার কারণে গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদটির দায়িত্ব পালনে অসামর্থ্য প্রকাশ করে পদত্যাগপত্র জমা দিয়েছেন মো. সাহাবুদ্দিন। ২০২৩ সালের ২৪ এপ্রিল দায়িত্ব গ্রহণ করা মো. সাহাবুদ্দিনের মেয়াদ ২০২৮ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা থাকলেও মেয়াদ শেষ হওয়ার প্রায় পৌনে দুই বছর আগেই তিনি পদত্যাগ করলেন।
সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। সংবিধানের ১২৩ (২) অনুচ্ছেদ অনুযায়ী, পরবর্তী ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে।
২০২৪ সালের গণ-অভ্যুত্থান এবং পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তন ও সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসার পর থেকেই রাষ্ট্রপতির পদে পরিবর্তন নিয়ে নানা আলোচনা ছিল। সম্প্রতি মে মাসে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির কথোপকথনের খবর প্রকাশিত হওয়ার পর এই আলোচনা জোরদার হয়। অবশেষে স্পিকার ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার পরই আনুষ্ঠানিকভাবে পদত্যাগের এই প্রক্রিয়া সম্পন্ন হলো।