জেলা প্রতিনিধি, জামালপুর
শুধু পদত্যাগ নয়, রাষ্ট্রপতিকে অপসারণ করে তাকে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় জামালপুর শহরের ফৌজদারি মোড়ে গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আয়োজিত সমাবেশ ও পদযাত্রা শেষে তিনি এ দাবি জানান।
নাহিদ ইসলাম বলেন, “ফ্যাসিবাদের দোসর এই রাষ্ট্রপতির 'গণহত্যায়' সমর্থন রয়েছে। তাকে অবিলম্বে অপসারণ করে গ্রেপ্তার ও বিচার করতে হবে।” তিনি আরও প্রশ্ন তোলেন, সরকার দুই-তৃতীয়াংশ আসন পেয়ে সরকার গঠন করার পাঁচ মাস পেরিয়ে গেলেও কেন আওয়ামী লীগ আমলের রাষ্ট্রপতিকে পরিবর্তন করতে পারেনি?
বিএনপি সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, অতীতেও দলটি রাষ্ট্রপতি নিয়োগ নিয়ে তালবাহানা করেছে এবং সর্বময় ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছে। এবারও কোনো অযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি করা হলে সরকারের ওপর জনগণের আর কোনো আস্থা থাকবে না বলে তিনি মন্তব্য করেন।
জামালপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আবু সাইদ শামিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব লুৎফর রহমানসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন। এর আগে শহরের দয়াময়ী মোড় থেকে এনসিপির একটি পদযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।