নিজস্ব প্রতিবেদক
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা গত অর্থবছরের তুলনায় ৭০২ কোটি টাকা কমিয়ে ১০ হাজার ৫৮৮ কোটি টাকা নির্ধারণ করেছে।
কাস্টমস সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে বেনাপোল বন্দরের জন্য লক্ষ্যমাত্রা ছিল ১১ হাজার ২৯০ কোটি টাকা। কিন্তু অর্থবছর শেষে মাত্র ৬ হাজার ৫৫৯ কোটি টাকা আদায় হওয়ায় ঘাটতি দাঁড়ায় ৪ হাজার ৭৩১ কোটি টাকা। বিপুল এই ঘাটতির কারণে এবার লক্ষ্যমাত্রা কমানো হলেও তা অর্জন নিয়ে শঙ্কা প্রকাশ করছেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের মতে, বৈধ আমদানিতে সুবিধা প্রদান, পণ্য পাচার ও রাজস্ব ফাঁকি বন্ধ এবং বিভিন্ন বাণিজ্য নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে নতুন লক্ষ্যমাত্রাও অর্জিত হওয়া কঠিন হবে। এছাড়া গত ছয় মাসে সেখানে ১৩০টি জালিয়াতির ঘটনা শনাক্ত হয়েছে এবং ২০ কোটি টাকার পণ্য পাচারের অভিযোগে কাস্টমস ও বন্দর কর্মীসহ ৫৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
তবে আমদানি বাড়াতে এবং অনিয়ম রোধে আইনানুগ ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে নতুন লক্ষ্যমাত্রা অর্জনে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছে।