বাকৃবি প্রতিনিধি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর অর্থায়নে ‘সানরাইস’ প্রকল্পের অধীনে নবনির্মিত ‘উদ্ভিদ পুষ্টি গবেষণাগার’ এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) গবেষণাগারটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গবেষণাগার উদ্বোধনের পর জাইকা-বাকৃবি ‘সানরাইস’ প্রকল্পের যৌথ সমন্বয় কমিটির (জেসিসি) সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
প্রকল্পটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন বাকৃবির মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, জাইকার প্রতিনিধি এবং প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন এই উদ্ভিদ পুষ্টি গবেষণাগার চালুর মাধ্যমে উদ্ভিদের পুষ্টি ও মৃত্তিকা বিজ্ঞান বিষয়ে উচ্চতর গবেষণার সুযোগ সম্প্রসারিত হবে এবং পাশাপাশি কৃষি শিক্ষা, গবেষণা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি উন্নয়নে গবেষণাগারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।