স্পোর্টস ডেস্ক
দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লিখে আবারও বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখার লড়াইয়ে জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। দলের হয়ে গোল করেন এনজো ফার্নান্দেজ ও লাওতারো মার্তিনেজ।
বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণে ছিল আর্জেন্টিনা। একাধিক সুযোগ তৈরি করলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। ম্যাচের শুরুতেই এলিয়ট অ্যান্ডারসনকে ঘিরে একটি ফাউলকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে রেফারির হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।
প্রথমার্ধে মোট ১৯টি ফাউল হয়। এর মধ্যে আর্জেন্টিনা করে ১২টি এবং ইংল্যান্ড ৭টি। গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।
বিরতির পর আক্রমণের ধার বাড়ায় ইংল্যান্ড। এর ফলও পেয়ে যায় তারা। ম্যাচের ৫৫তম মিনিটে মরগান রজার্সের নিখুঁত ক্রস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে ইংল্যান্ডকে এগিয়ে দেন অ্যান্থনি গর্ডন।
গোল হজমের পর পরিবর্তনের পথে হাঁটে আর্জেন্টিনা। ৬৪তম মিনিটে লিয়ান্দ্রো পারেদেসের বদলে মাঠে নামেন নিকো গঞ্জালেজ। এরপর হাইড্রেশন বিরতির সময় আরও তিনটি পরিবর্তন করেন কোচ। লিসান্দ্রো মার্তিনেজ, নাহুয়েল মোলিনা ও জুলিয়ানো সিমিওনের জায়গায় নামেন নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো দি পল ও গনসালো মন্তিয়েল। অন্যদিকে ইংল্যান্ডও অ্যান্থনি গর্ডনের পরিবর্তে এজরি কনসাকে মাঠে নামায়।
শেষ ২০ মিনিটে ম্যাচে বাড়ে উত্তেজনা। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। অবশেষে ৮৫তম মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে সমতায় ফেরান এনজো ফার্নান্দেজ।
এরপর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আসে ম্যাচের ভাগ্য নির্ধারণী মুহূর্ত। লিওনেল মেসির নিখুঁত ক্রস থেকে শক্তিশালী হেডে জয়সূচক গোল করেন লাওতারো মার্তিনেজ।
শেষ মুহূর্তে সমতায় ফেরার চেষ্টা করলেও আর্জেন্টিনার রক্ষণ ভাঙতে পারেনি ইংল্যান্ড। ফলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা।
এই জয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠল আর্জেন্টিনা। আগামী রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শিরোপার লড়াইয়ে স্পেনের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির শিষ্যরা। ব্যাক-টু-ব্যাক বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।