হেলাল উদ্দিন, টেকনাফ
কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে আবারও একটি বিশাল আকৃতির অজগর উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে দ্বীপের ৩ নম্বর ওয়ার্ডের ডেইলপাড়া সৈকতের পূর্ব পাশ থেকে প্রায় ১০ ফুট লম্বা অজগরটি জীবিত উদ্ধার করেন স্থানীয়রা।
স্থানীয়দের ভাষ্য, সৈকতে খেলতে গিয়ে কয়েকজন শিশু-কিশোর সমুদ্র থেকে অজগরটিকে তীরে উঠতে দেখে। পরে সেটিকে উদ্ধার করে বাজারে নিয়ে আসা হয়। বন বিভাগের পরামর্শে আপাতত অজগরটিকে সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের হেফাজতে রাখা হয়েছে।
স্থানীয়দের ধারণা, মিয়ানমারের পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ঢলের স্রোতে গাছপালা ও অন্যান্য ভাসমান বস্তুর সঙ্গে অজগরটি বঙ্গোপসাগর পাড়ি দিয়ে সেন্ট মার্টিনে এসে পৌঁছেছে। বর্ষা মৌসুমে এমন ঘটনা নতুন নয় বলেও জানান তারা।
সেন্ট মার্টিন বিএন ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আয়াতুল্লাহ খোমেনি জানান, উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট, ওজন আনুমানিক ২০ থেকে ২৫ কেজি এবং বয়স তিন থেকে চার বছর হতে পারে।
টেকনাফ রেঞ্জের বন কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, অজগরটি সুস্থ রয়েছে। শুক্রবার বন বিভাগের কাছে হস্তান্তরের পর এটিকে উপযুক্ত প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।
উল্লেখ্য, এর আগে গত ৫ জুনও সেন্ট মার্টিনের একটি মরিচক্ষেত থেকে প্রায় ১৫ ফুট লম্বা আরেকটি অজগর উদ্ধার করা হয়েছিল। পরে সেটিকেও বন বিভাগের মাধ্যমে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়।