জিম্বাবুয়ে সফর এখন পর্যন্ত বাংলাদেশের জন্য হতাশার। একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হার এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে খোয়ানোর পর এবার টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে টাইগাররা।
তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয়। বুধবার (১৫ জুলাই) বুলাওয়েতে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় ম্যাচটি শুরু হয়েছে।
চোটের কারণে এই ম্যাচে খেলছেন না নিয়মিত অধিনায়ক লিটন দাস। তার সঙ্গে দলে নেই অভিজ্ঞ বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানও। তাদের অনুপস্থিতিতে একাদশে সুযোগ পেয়েছেন ইয়াসির আলি চৌধুরী, যিনি দীর্ঘদিন পর জাতীয় দলের টি-টোয়েন্টি দলে ফিরেছেন।
বাংলাদেশ দলে রয়েছেন দুই বিশেষজ্ঞ স্পিনার শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ। পাশাপাশি পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিনও ফিরেছেন মূল একাদশে।
বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয় (অধিনায়ক), ইয়াসির আলি চৌধুরী, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, নাহিদ রানা, তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফ উদ্দিন।
জিম্বাবুয়ে একাদশ:
ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি, ডিওন মায়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, মিল্টন শুম্বা, ক্লাইভ মাদান্দে (উইকেটরক্ষক), টিনোটেন্ডা মুসেকিওয়া, লুক ইভান্স, রিচার্ড নগারাভা ও ব্লেসিং মুজারাবানি।