ক্রীড়া ডেস্ক
২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ (বুধবার) বাংলাদেশ সময় রাত ১টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইংল্যান্ড। বিশ্বকাপে দীর্ঘ ২৪ বছর পর আবারও একে অপরের মুখোমুখি হচ্ছে ফুটবলের দুই ঐতিহ্যবাহী শক্তি।
বিশ্বকাপের ইতিহাসে এটি হবে দুই দলের ষষ্ঠ সাক্ষাৎ। আগের পাঁচ দেখায় ইংল্যান্ড তিনবার জয় পেলেও আর্জেন্টিনা জিতেছে দুইবার। তবে নকআউট পর্বের হিসাব বলছে ভিন্ন কথা। বিশ্বকাপের নকআউটে তিনবার মুখোমুখি হয়ে দুইবার জয় পেয়েছে আর্জেন্টিনা, আর একবার জিতেছে ইংল্যান্ড।
দুই দলের প্রথম বিশ্বকাপ সাক্ষাৎ হয় ১৯৬২ সালে চিলি বিশ্বকাপে। গ্রুপ পর্বের সেই ম্যাচে ইংল্যান্ড ৩-১ গোলে হারায় আর্জেন্টিনাকে। এরপর ১৯৬৬ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেও ১-০ গোলের জয় পায় ইংলিশরা। সেই আসরেই প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পায় ইংল্যান্ড।
১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে দুই দলের কোয়ার্টার ফাইনালটি ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত ম্যাচ। দিয়েগো ম্যারাডোনার করা বিখ্যাত 'হ্যান্ড অব গড' গোল এবং তার অসাধারণ একক নৈপুণ্যে করা দ্বিতীয় গোলের সুবাদে আর্জেন্টিনা ২-১ ব্যবধানে জয় পায়। পরে সেই আসরের শিরোপাও জেতে আলবিসেলেস্তেরা।
এরপর ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে শেষ ষোলোতে নির্ধারিত সময় ২-২ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে আর্জেন্টিনা।
সবশেষ ২০০২ সালের দক্ষিণ কোরিয়া-জাপান বিশ্বকাপের গ্রুপ পর্বে ডেভিড বেকহ্যামের পেনাল্টি গোলে ১-০ ব্যবধানে জয় পায় ইংল্যান্ড। সেই আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় আর্জেন্টিনা, আর কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের কাছে হেরে বিদায় নেয় ইংল্যান্ড।
ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা-ইংল্যান্ডের মুখোমুখি পরিসংখ্যান
১৯৬২ সাল : ইংল্যান্ড ৩-১ আর্জেন্টিনা (গ্রুপ পর্ব)
১৯৬৬ সাল : ইংল্যান্ড ১-০ আর্জেন্টিনা (কোয়ার্টার ফাইনাল)
১৯৮৬ সাল : আর্জেন্টিনা ২-১ ইংল্যান্ড (কোয়ার্টার ফাইনাল)
১৯৯৮ সাল : আর্জেন্টিনা ২-২ ইংল্যান্ড (শেষ ষোলো, টাইব্রেকারে ৪-৩ গোলে জয়ী আর্জেন্টিনা)
২০০২ সাল : ইংল্যান্ড ১-০ আর্জেন্টিনা (গ্রুপ পর্ব)