Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হার, ত্রিদেশীয় সিরিজ থেকে বিদায় বাংলাদেশের ● জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এশিয়া: জাতিসংঘ ● যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন ● জলবায়ু পরিবর্তনে বাড়ছে দাবানল, বিশ্বজুড়ে বায়ুদূষণ নিয়ে জাতিসংঘের সতর্কতা ● যুক্তরাষ্ট্র থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ ৭৫ হাজার টন গম ● বৈশ্বিক সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার জাতিসংঘের ● জলবায়ু পরিবর্তন ও যুদ্ধের প্রভাবে বাড়ছে বৈশ্বিক খাদ্যসংকট ● ধর্মীয় সম্প্রীতি বজায় ও মেধাভিত্তিক প্রশাসন প্রতিষ্ঠায় বিএনপি সরকার অঙ্গীকারাবদ্ধ: জনপ্রশাসন উপদেষ্টা ● টেকনাফে বসতঘরের খাটের নিচে রাজ গোখরা, উদ্ধার করে বনে অবমুক্ত ● বাংলাদেশে অনুমোদনহীন পিমেক্স-এর ফরেক্স কার্যক্রম নিয়ে প্রশ্ন, জিয়া-প্রিন্স-রাকেশ পুরোনো প্রতারকচক্র নতুন রূপে
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বুধবার, ২১ অক্টোবর,২০২৬, ০৪:৪৭ পিএম
সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুজব, অপপ্রচার ও ধর্মীয় উগ্রতার মাধ্যমে সমাজে বিভেদ সৃষ্টির অপচেষ্টা মোকাবিলায় সবাইকে আপসহীন থাকার তাগিদ দিয়েছেন তিনি।

বুধবার (২১ অক্টোবর) সকালে শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী ২০২৬ উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত রাষ্ট্রীয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, কখনো কখনো গুজব, অপপ্রচার ও ধর্মীয় উগ্রতাকে ব্যবহার করে বিভেদ তৈরির চেষ্টা করা হয়। এসব অপতৎপরতার বিরুদ্ধে দৃঢ় থাকতে হবে। বিশেষ করে তরুণদের সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে সোচ্চার ভূমিকা পালন করতে হবে।

রাষ্ট্রপতি বলেন, এই দেশ সবার। সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিতে হবে। কোনো অপশক্তিকে বিভেদ সৃষ্টি করে জাতীয় ঐক্য ও অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়াতে দেওয়া যাবে না। পারস্পরিক শ্রদ্ধা, সাম্য ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে একটি নিরাপদ, গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

ধর্মীয় সম্প্রীতি রক্ষার তাগিদ
বিজয়া দশমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, আনন্দঘন এই আয়োজনে বঙ্গভবনে সবাইকে স্বাগত জানাতে পেরে তিনি আনন্দিত।

বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ, সহিংসতা ও সাম্প্রদায়িক সংঘাত চলার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব উদ্‌যাপন করছেন। এটিই দেশের সবচেয়ে বড় অর্জন। পারস্পরিক সম্প্রীতি দেশের শক্তি ও অস্তিত্বের অংশ, যা যেকোনো মূল্যে অক্ষুণ্ন রাখতে হবে।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। হাজার বছর ধরে এই ভূখণ্ডে বিভিন্ন ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্বের বন্ধনে একসঙ্গে বসবাস করে আসছেন।

মহান মুক্তিযুদ্ধসহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলন এবং অন্যায়ের বিরুদ্ধে বিভিন্ন ধর্মের মানুষের সম্মিলিত অংশগ্রহণকে জাতীয় ঐক্যের ভিত্তি হিসেবে উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রপতি আরও বলেন, দুর্গাপূজার অন্তর্নিহিত শিক্ষা হলো অশুভ শক্তির বিনাশ এবং সত্য, সুন্দর ও কল্যাণের বিজয়।

ধর্ম-বর্ণ নির্বিশেষে সমান অধিকার নিশ্চিতের আহ্বান
ধর্ম, বর্ণ কিংবা গোষ্ঠীগত পরিচয়ের কারণে কোনো নাগরিক বৈষম্য বা নিপীড়নের শিকার হবেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি। সব ধর্মের মানুষের জন্য সমান নাগরিক সুবিধা নিশ্চিত করতে একটি জাতীয় কমিটি গঠনের আহ্বানও জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। নিরাপত্তা ও ন্যায়বিচার পাওয়ার অধিকারও সবার। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান— আমরা সবাই এ দেশের নাগরিক। সংবিধান প্রত্যেককে সমান অধিকার, মর্যাদা ও ধর্মীয় স্বাধীনতা দিয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ।”

সব ধর্মের মানুষ যাতে নিরাপদ ও আনন্দময় পরিবেশে নিজ নিজ ধর্ম পালন করতে পারেন, তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বঙ্গভবনে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা
অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতি দরবার হলে উপস্থিত হলে ‘হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট’, ‘বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট’, ‘বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ’ এবং ‘মহানগর সার্বজনীন পূজা কমিটি’র নেতারা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় বঙ্গভবনে উপস্থিত দর্শনার্থী ও অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানে তাঁর সহধর্মিণী রাহাত আরা বেগম উপস্থিত ছিলেন।

এ ছাড়া অনুষ্ঠানে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন, প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) বিজন কান্তি সরকার এবং রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)