নিজস্ব প্রতিবেদক
২০২৪ সালের গণ-অভ্যুত্থানকে বিতর্কিত না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকার জাতীয় ঐক্য চায়, কিন্তু কিছু মহল বিভ্রান্তি ছড়াচ্ছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরে একটি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় দেশের মানুষ ধর্মীয় পরিচয় বিবেচনায় না নিয়ে স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। বিভিন্ন ধর্ম, মত ও শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। একইভাবে স্বাধীনতার পর বিভিন্ন সময়ে গণতন্ত্র হুমকির মুখে পড়লে দেশের মানুষ নিজেদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় রাজপথে নেমে এসেছেন। এসব আন্দোলনেও সব ধর্মের মানুষ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল।
তিনি বলেন, হাজার বছর ধরে এ দেশের সব ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করে আসছেন। মানুষ শান্তিতে বসবাস করছে এবং ভবিষ্যতেও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে চায়। অতীতের মতো এমন কোনো পরিস্থিতি তৈরি করা উচিত নয়, যাতে মানুষের দৈনন্দিন জীবনযাত্রা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য ব্যাহত হয়।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে দেশে যে স্থিতিশীলতা রয়েছে, জনগণ তা বজায় রেখে শান্তি ও নিরাপত্তার মধ্যে বসবাস করতে চায়। এ লক্ষ্যেই সরকার কাজ করছে। দেশকে কাঙ্ক্ষিত অবস্থানে নিয়ে যেতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। অতীতে প্রচলিত রাজনীতির ধারায় পরিবর্তন আনতে চায় সরকার। আর এই পরিবর্তনের সবচেয়ে বড় শক্তি জনগণ।
তারেক রহমান বলেন, আগামী দিনে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হলে সব ধর্ম ও মতের মানুষকে একসঙ্গে দেশের জন্য কাজ করতে হবে। পারস্পরিক ঐক্য বজায় রেখে সম্মিলিতভাবে এগিয়ে যেতে পারলেই মানুষের প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে। এ জন্য সমাজের সব শ্রেণির মানুষের সহযোগিতা ও সমর্থন প্রয়োজন।