মুহা. সিয়াম, ফ্রিল্যান্স সাংবাদিক
ইসলামী আন্দোলন বাংলাদেশের নবনির্বাচিত মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান চরমোনাই সফরে দলের প্রতিষ্ঠাতা আমীর মাওলানা সৈয়দ মুহাম্মাদ ফজলুল করীম (পীর সাহেব চরমোনাই) রাহিমাহুল্লাহর কবর জিয়ারত করেছেন। এ সময় তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং নতুন দায়িত্ব পালনে মাদ্রাসার ছাত্রদের কাছে দোয়া চান।
বুধবার (১ জুলাই) দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)-এর সঙ্গে জরুরি বৈঠকে অংশ নিতে বরিশালের চরমোনাই সফর করেন তিনি। সন্ধ্যায় সেখানে পৌঁছে সর্বপ্রথম প্রতিষ্ঠাতা আমীরের কবর জিয়ারত করেন।
পরে চরমোনাই মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নবনির্বাচিত মহাসচিব।
বক্তব্যে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, রুহানিয়াত ও জিহাদের যে সমন্বিত কর্মধারা শায়েখ রাহিমাহুল্লাহ শুরু করেছিলেন, তা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সামগ্রিক কর্মপদ্ধতির একটি জীবন্ত প্রতিচ্ছবি। তিনি বলেন, সেই আদর্শ ও মিশনকে সামনে এগিয়ে নেওয়াই হবে তাদের অন্যতম লক্ষ্য।
নতুন দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, “আমি খুব ছোট একজন মানুষ। দলীয় সিদ্ধান্তে আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আল্লাহ যেন আমাকে এ দায়িত্ব যথাযথভাবে পালনের তাওফিক দান করেন—এ জন্য আপনাদের কাছে দোয়া চাই।”
তিনি চরমোনাই মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী এবং উপস্থিত সবার কাছেই দোয়ার আবেদন জানান। আলোচনা শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় দলের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, শাহ ইফতেখার তারিক, মাওলানা নেছার উদ্দিন, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম এবং মাওলানা শেখ ফজলুল করীম মারুফ উপস্থিত ছিলেন।