ডা. ইউনূস আলী
নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ ১৪ মাস পর অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে সারা দেশে ২ কোটি ২৩ লাখ ৬০ হাজার ৫০৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এটি নির্ধারিত লক্ষ্যমাত্রার ৯৮ দশমিক ৬৭ শতাংশ।
বৃহস্পতিবার জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের (আইপিএনএইচ) পরিচালক ডা. মোহাম্মদ ইউনূস আলী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, প্রথমে ২ কোটি ৩৫ লাখ ১৪ হাজার ৯৭২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে বিভাগীয় সিভিল সার্জনদের পাঠানো হালনাগাদ তথ্যের ভিত্তিতে লক্ষ্যমাত্রা সংশোধন করে ২ কোটি ২৬ লাখ ৬১ হাজার ৫৬৪ জন করা হয়। এর বিপরীতে ২ কোটি ২৩ লাখ ৬০ হাজার ৫০৯ জন শিশুকে ক্যাপসুল খাওয়ানো সম্ভব হয়েছে।
ডা. ইউনূস আলী বলেন, ক্যাম্পেইনের পর দুর্গম এলাকার বাদ পড়া শিশুদের আওতায় আনতে ১২ জেলার ৫৮টি উপজেলার ২৯০টি ইউনিয়নের ৭১৪টি ওয়ার্ডে চার দিনব্যাপী ‘চাইল্ড টু চাইল্ড সার্চিং’ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার এ কার্যক্রম শেষ হয়েছে। এই তথ্য যুক্ত হলে লক্ষ্যমাত্রা অর্জনের হার প্রায় ৯৯ শতাংশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, বিভাগভিত্তিক সাফল্যের মধ্যে খুলনা বিভাগে লক্ষ্যমাত্রার শতভাগ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এছাড়া রাজশাহী বিভাগে ৯৯ দশমিক ২৬ শতাংশ, চট্টগ্রাম বিভাগে ৯৯ দশমিক ১৬ শতাংশ, রংপুর বিভাগে ৯৮ দশমিক ৯৭ শতাংশ, বরিশাল বিভাগে ৯৮ দশমিক ৬১ শতাংশ, ময়মনসিংহ বিভাগে ৯৮ দশমিক ৪০ শতাংশ, ঢাকা বিভাগে ৯৭ দশমিক ৮৭ শতাংশ এবং সিলেট বিভাগে ৯৭ দশমিক ২০ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।