ক্রীড়া ডেস্ক
কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আজ মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি ম্যাচটিকে ঘিরে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের তীব্র তাপপ্রবাহ। নিউ ইয়র্ক ও নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম এলাকায় সর্বোচ্চ স্তরের আবহাওয়া সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া অধিদপ্তর।
ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, ম্যাচ চলাকালে তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। স্থানীয় সময় বিকেল ৫টায় শুরু হওয়া ম্যাচটি অনুষ্ঠিত হবে খোলা আকাশের নিচে। মেটলাইফ স্টেডিয়ামে আধুনিক শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় খেলোয়াড়দের চরম গরমের মধ্যেই খেলতে হবে।
বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় ফুটবল খেলা গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। এতে হৃদযন্ত্রের ওপর অতিরিক্ত চাপ পড়ে, পেশির কার্যক্ষমতা কমে যায় এবং খেলোয়াড়দের সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতাও প্রভাবিত হতে পারে।
চলতি বিশ্বকাপে তাপপ্রবাহ নিয়ে উদ্বেগ নতুন নয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর এক বিশ্লেষণে বলা হয়েছে, গ্রুপ পর্বের অন্তত নয়টি ম্যাচ উচ্চ ঝুঁকিপূর্ণ আবহাওয়ায় অনুষ্ঠিত হয়েছে। এ নিয়ে খেলোয়াড়দের নিরাপত্তা প্রশ্নেও আলোচনা শুরু হয়েছে।
ফুটবলারদের বৈশ্বিক সংগঠন ফিফপ্রো বলেছে, তাপমাত্রা, আর্দ্রতা ও সৌর বিকিরণের সমন্বয়ে নির্ধারিত ডব্লিউবিজিটি (WBGT) সূচক ২৮ ডিগ্রি ছাড়িয়ে গেলে ম্যাচ স্থগিত বা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।
তাপপ্রবাহের ঝুঁকি শুধু খেলোয়াড়দের জন্যই নয়, দর্শকদের জন্যও উদ্বেগের কারণ। খোলা পার্কিং এলাকা, দীর্ঘ হাঁটার পথ এবং স্টেডিয়ামে প্রবেশের জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার কারণে পানিশূন্যতা ও হিট স্ট্রোকের আশঙ্কা বেড়েছে।
এমন প্রতিকূল আবহাওয়ার মধ্যেই শেষ আটে জায়গা নিশ্চিত করার লড়াইয়ে মাঠে নামবে ব্রাজিল ও নরওয়ে। ফলে ম্যাচের ফল নির্ধারণে দুই দলের কৌশল ও পারফরম্যান্সের পাশাপাশি আবহাওয়াও বড় একটি প্রভাবক হয়ে উঠতে পারে।
সূত্র: গ্লোবো, দ্য গার্ডিয়ান।