স্টাফ রিপোর্টার
সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থভিত্তিক অনুসন্ধানী সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ দৈনিক আজকের কণ্ঠস্বর-এর ‘শ্রেষ্ঠ প্রতিবেদক-২০২৬’ নির্বাচিত হয়েছেন পত্রিকাটির সিনিয়র স্টাফ রিপোর্টার এস. এম. সাইফুল ইসলাম কবির।
দৈনিক আজকের কণ্ঠস্বর-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনার দিঘলিয়া উপজেলার চন্দনীমহল কাটাবনস্থ জে এস রিভার ভিউ পার্কে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এস. এম. সাইফুল ইসলাম কবির বর্তমানে জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি, বাগেরহাট রিপোর্টার্স ইউনিটির চেয়ারম্যান এবং মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
আয়োজকদের মতে, সুন্দরবন, জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, উপকূলীয় জনপদের সংকট, মানবাধিকার, দুর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষা, কৃষি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাঁর ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে অপতথ্য ও গুজবের ভিড়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব বেড়েছে। এস. এম. সাইফুল ইসলাম কবিরের সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতা জনমনে আস্থা সৃষ্টি করেছে। তাঁর এই স্বীকৃতি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্যও একটি ইতিবাচক বার্তা।
সম্মাননা গ্রহণের পর এস. এম. সাইফুল ইসলাম কবির বলেন, এই স্বীকৃতি তাঁকে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। তিনি ভবিষ্যতেও জনস্বার্থ, মানবাধিকার, পরিবেশ এবং প্রান্তিক মানুষের বিভিন্ন সমস্যা তুলে ধরতে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটা, আলোচনা সভা, বৃক্ষরোপণ, সাংবাদিকদের মিলনমেলা, সম্মাননা প্রদান ও মতবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, আইনজীবী, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
দৈনিক আজকের কণ্ঠস্বর কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠার দুই বছরে উন্নয়ন, শিক্ষা, কৃষি, পরিবেশ, সুন্দরবন, জলবায়ু পরিবর্তন, উপকূলীয় জনপদের সংকট, মানবাধিকার ও জনজীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে পত্রিকাটি পাঠকমহলে একটি নির্ভরযোগ্য সংবাদমাধ্যম হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে। সেই ধারাবাহিকতায় জনস্বার্থে অনুসন্ধানী সাংবাদিকতার অবদানের স্বীকৃতি হিসেবে এস. এম. সাইফুল ইসলাম কবিরকে ‘শ্রেষ্ঠ প্রতিবেদক-২০২৬’ সম্মাননা প্রদান করা হয়েছে।