আন্তর্জাতিক ডেস্ক
তীব্র তাপপ্রবাহ এবং যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলার প্রভাবে ইরানে ভয়াবহ বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। আগে বিচ্ছিন্নভাবে বিদ্যুৎ বিভ্রাট হলেও এখন দেশটির অনেক এলাকায় প্রতিদিনই দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে।
ইরানের শরীফ ইউনিভার্সিটি অব টেকনোলজির শিক্ষার্থী কামরান আল জাজিরাকে বলেন, “বিদ্যুৎ বিভ্রাট আমাদের সব পরিকল্পনাই এলোমেলো করে দিয়েছে। পরীক্ষা হবে কি না, সেটাই নিশ্চিত নয়। সারারাত পড়াশোনা করার পর সকালে জানতে হয়, বিদ্যুৎ না থাকায় পরীক্ষা স্থগিত করা হয়েছে। এতে পড়াশোনার আগ্রহই হারিয়ে যাচ্ছে।”
তার সহপাঠী মইন বলেন, বিদ্যুৎ সংকটের সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়ছে স্বাস্থ্যসেবায়।
তিনি বলেন, “যারা বাসায় ভেন্টিলেটরের ওপর নির্ভরশীল কিংবা যাদের প্রয়োজনীয় ওষুধ ফ্রিজে সংরক্ষণ করতে হয়, তাদের জন্য বিদ্যুৎ চলে যাওয়া শুধু একটি অসুবিধা নয়, বরং জীবন-মৃত্যুর প্রশ্ন। আমরা এই সংকটের কেবল সামান্য অংশই দেখতে পাচ্ছি।”
বিশ্লেষকদের মতে, তীব্র গরমে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়া এবং যুদ্ধজনিত অবকাঠামোগত ক্ষতির কারণে ইরানের বিদ্যুৎ ব্যবস্থা চরম চাপের মুখে পড়েছে। এর ফলে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং দৈনন্দিন জনজীবনে ব্যাপক প্রভাব পড়ছে।
সূত্র: আল জাজিরা