নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা মো. রাশেদ খান। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রোববার (১৯ জুলাই ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান এবং সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে মো. রাশেদ খান প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) হিসেবে দায়িত্ব পালন করবেন।
এতে আরও বলা হয়, তার নিয়োগ প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে, যেটি আগে ঘটবে, তত দিন পর্যন্ত কার্যকর থাকবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
সোমবার (২০ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনটি প্রকাশ করেন রাশেদ খান।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, প্রধানমন্ত্রী আমাকে তাঁর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়েছেন।”
তিনি আরও লেখেন, “বাংলাদেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিমূর্তি, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”