আন্তর্জাতিক ডেস্ক
মালয়েশিয়ার পাহাং রাজ্যের হাবু এলাকায় পরিচালিত যৌথ অভিযানে ৮১ বাংলাদেশিসহ মোট ১১৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ২টার দিকে একটি মিশ্র ভবন নির্মাণ প্রকল্পে অভিযান চালানো হয়। সেখানে অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পাহাং অভিবাসন বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, অভিযানে মোট ১৪৫ জনের কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১১৩ জনকে আটক করা হয়।
আটকদের মধ্যে ৮১ জন বাংলাদেশি, ২৯ জন ইন্দোনেশিয়ার নাগরিক, দুজন নেপালের নাগরিক এবং একজন মিয়ানমারের নাগরিক রয়েছেন। তাদের মধ্যে ১০৭ জন পুরুষ ও ছয়জন নারী।
অভিবাসন বিভাগ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। তাদের মধ্যে ৬১ জনের বিরুদ্ধে বৈধ ভ্রমণ নথি ছাড়া মালয়েশিয়ায় অবস্থানের অভিযোগ, ২৬ জনের বিরুদ্ধে অনুমোদিত সময়ের বেশি অবস্থান করার অভিযোগ, একজনের বিরুদ্ধে অভিবাসন আইনের অন্য একটি ধারা লঙ্ঘনের অভিযোগ এবং ২৭ জনের বিরুদ্ধে অভিবাসন বিধিমালা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
আটক সবাইকে পরবর্তী তদন্ত ও আইনগত প্রক্রিয়ার জন্য পাহাং অভিবাসন বিভাগের এনফোর্সমেন্ট কার্যালয়ে নেওয়া হয়েছে।
এ অভিযানে পাহাং স্টেট এনফোর্সমেন্ট ইউনিট, পাহাং অভিবাসন বিভাগ এবং জেনারেল অপারেশনস ফোর্সের (পিজিএ) মোট ৭০ জন কর্মকর্তা অংশ নেন।