আন্তর্জাতিক ডেস্ক
জাপানের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর সম্ভাব্য সুনামির আশঙ্কায় দেশটির উপকূলীয় কয়েকটি এলাকায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৮ জুলাই) দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কুমামতো প্রিফেকচার এলাকায়।
ভূমিকম্পের পর সর্বোচ্চ ১ মিটার উচ্চতার সুনামি ঢেউ আঘাত হানতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জেএমএ। এ কারণে উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
এ ঘটনায় কিউশু দ্বীপের কুমামতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা ও মিয়াজাকি প্রিফেকচারের জন্য জরুরি ভূমিকম্প সতর্কতা জারি করেছে জাপান সরকার।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে সম্ভাব্য পরাঘাত (আফটারশক) হতে পারে উল্লেখ করে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় সেখানে প্রায়ই ভূমিকম্প ও সুনামির ঘটনা ঘটে।
সূত্র: রয়টার্স