আন্তর্জাতিক ডেস্ক
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে ‘চোর’ ও ‘সাজাপ্রাপ্ত আসামি’ বলে কটূক্তি করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। তার এ মন্তব্যকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। এর জেরে আর্জেন্টিনা থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ব্রাজিল।
রোববার (২৬ জুলাই) ব্রাজিলের সাও পাওলো শহরে যুক্তরাষ্ট্রপন্থি প্রেসিডেন্ট প্রার্থী ফ্লাভিও বলসোনারোর নির্বাচনী প্রচারণায় অংশ নেন মিলেই। সেখানে বক্তব্য দিতে গিয়ে তিনি ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে ‘চোর’ এবং ‘সাজাপ্রাপ্ত আসামি’ বলে আখ্যা দেন।
মিলেইর এ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ব্রাজিল সরকার। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, আর্জেন্টিনার প্রেসিডেন্টের এমন মন্তব্য ব্রাজিলের সরকার ও জনগণের প্রতি চরম অবমাননাকর।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। তিনি বলেন, বহিরাগত কোনো চাপ বা হস্তক্ষেপ ছাড়াই ব্রাজিল তার নিজস্ব নীতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালিত হবে।
উল্লেখ্য, লুলা দা সিলভা ২০১৮ সালে দুর্নীতিসংক্রান্ত একটি মামলায় কারাদণ্ডে দণ্ডিত হন এবং ১৮ মাসের কিছু বেশি সময় কারাভোগ করেন। তবে ২০২১ সালে ব্রাজিলের সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে দেওয়া দণ্ড বাতিল ঘোষণা করে। এরপর ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তৎকালীন প্রেসিডেন্ট জেইর বলসোনারোকে পরাজিত করে তিনি আবারও ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
মিলেইর সাম্প্রতিক মন্তব্যের পর দুই প্রতিবেশী দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ব্রাজিলের রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।