নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওশেনোগ্রাফি বিভাগে ‘ক্লাইমেট চেঞ্জ ইন অ্যান্টার্কটিকা অ্যান্ড দ্য সাউদার্ন ওশান’ শীর্ষক বিশেষ যৌথ চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৪ জুন) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
মাদ্রিদ প্রোটোকলের ৩৫তম বার্ষিকী উদযাপন এবং বাংলাদেশ-অস্ট্রেলিয়া সাংস্কৃতিক সমঝোতা স্মারকের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওশেনোগ্রাফি বিভাগ ও ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশন যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করে।
উদ্বোধনী বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী বলেন, এই আয়োজন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করেছে। দুই দেশের জলবায়ু ও পরিবেশগত বাস্তবতা সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি বলেন, বর্তমানে ২২ হাজারেরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা গ্রহণ করছেন, যা দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করছে। ভবিষ্যতে শিক্ষা, সংস্কৃতি ও গবেষণার ক্ষেত্রে এ সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, অ্যান্টার্কটিকার জলবায়ু পরিবর্তন নিয়ে প্রদর্শিত শিল্পকর্মগুলো মানবজাতির সম্মিলিত দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সংস্কৃতির পাশাপাশি প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্রেও অস্ট্রেলিয়ার সঙ্গে অংশীদারিত্ব বাড়াতে আগ্রহী বাংলাদেশ।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল বক্তব্য রাখেন। তিনি জলবায়ু বিজ্ঞান, গবেষণা এবং জনসচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার যৌথ উদ্যোগের প্রশংসা করেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ড. আবদুস সালাম।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা প্রদর্শনীর বিভিন্ন চিত্রকর্ম পরিদর্শন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক এবং বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।