নিজস্ব প্রতিবেদক
চীনের দালিয়ান থেকে বেইজিং পৌঁছানোর পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়েছে। বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে বেইজিংয়ের চাউমিং রেলওয়ে স্টেশনে পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়।
সফরে প্রধানমন্ত্রীকে সঙ্গ দিচ্ছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
চীনের ‘জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস’ (জিএসিসি)-এর মন্ত্রী এবং চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কমিটির সেক্রেটারি সুন মেইজুন রেলওয়ে স্টেশনে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
এ সময় শিশু-কিশোররা প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীর হাতে ফুলের তোড়া তুলে দেয়। পরে চাউমিং রেলওয়ে স্টেশনে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা এবং গার্ড অব অনার প্রদান করা হয়।
অভ্যর্থনা শেষে বিশেষ মোটর শোভাযাত্রায় প্রধানমন্ত্রীকে বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াওইউতাই স্টেট গেস্টহাউস-এ নিয়ে যাওয়া হয়। সফরকালীন প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা সেখানেই অবস্থান করবেন।
এর আগে স্থানীয় সময় দুপুর ১টা ৫৮ মিনিটে দালিয়ান উত্তর রেলওয়ে স্টেশন থেকে উচ্চগতির বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা ড. এ কে এম শামছুল ইসলাম।
বেইজিংয়ে যাওয়ার আগে সকালে দালিয়ানের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্রীষ্মকালীন দাভোস সম্মেলন ২০২৬-এ অংশ নেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, মালয়েশিয়া সফর শেষে গত সোমবার চীনের দালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর মালয়েশিয়া ও চীন সফরই তাঁর প্রথম বিদেশ সফর।