বিনোদন ডেস্ক
অভিনেত্রী,সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার পার্লে মানি।
ছবি:
শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিতর্কিত মন্তব্যের পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন ভারতের অভিনেত্রী, টিভি উপস্থাপক ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার পার্লে মানি। বিতর্কের জেরে মাত্র দুই দিনের ব্যবধানে ইনস্টাগ্রামে তিন লাখেরও বেশি অনুসারী হারিয়েছেন তিনি।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ইনস্টাগ্রামের পাশাপাশি ইউটিউব ও ফেসবুকেও তার অনুসারীর সংখ্যা কমতে শুরু করেছে। পরিস্থিতি সামাল দিতে তিনি ইনস্টাগ্রামের কমেন্ট সেকশন বন্ধ করে দিলেও সমালোচকরা তার অন্যান্য পোস্টে গিয়ে ক্ষোভ প্রকাশ করছেন।
গত ২৪ জুলাই পার্লে মানি শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্ট দেন। সেখানে তিনি আন্দোলনকে ‘বেদনাদায়ক’ ও ‘হৃদয়বিদারক’ উল্লেখ করে লেখেন, কেউ যেন আহত না হন এবং জীবন ঝুঁকিতে মনে হলে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, কোনো কারণই নিজের জীবন বিসর্জনের চেয়ে বড় নয় এবং আন্দোলনের মূল লক্ষ্য যেন শিক্ষাব্যবস্থার উন্নয়নেই সীমাবদ্ধ থাকে।
তবে পোস্টটির ক্যাপশনে তিনি লেখেন, “কমেন্ট সেকশন আমার বাকস্বাধীনতার প্রতিচ্ছবি”। একই সঙ্গে তিনি মন্তব্য করার সুযোগ বন্ধ করে দেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে আরও সমালোচনার জন্ম দেয়।
অনেক ব্যবহারকারী অভিযোগ করেন, আন্দোলনরত শিক্ষার্থীদের বাস্তব পরিস্থিতি না বুঝেই তিনি উপদেশমূলক বক্তব্য দিয়েছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেন, “আপনি সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন, তাই আমাদের সংগ্রাম বুঝবেন না।” আরেকজন লেখেন, “আপনার বাকস্বাধীনতা কি শুধু নিজের জন্য?”
বিতর্কের জেরে পার্লে মানির ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা প্রায় ২ কোটি ৭০ লাখ থেকে কমে ২ কোটি ৪০ লাখে নেমে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সমালোচনার মধ্যেই পার্লে মানি ইনস্টাগ্রাম স্টোরিতে আরও একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, “আমার পোস্টে হয়তো সতর্কবার্তা দেওয়া উচিত ছিল। শান্তি ও অহিংসার বার্তা অনেকের সহ্য হচ্ছে না। একজন ব্যর্থ চলচ্চিত্র নির্মাতা আমার চার পাতার পোস্ট নিয়ে দশ পাতার চিত্রনাট্য লিখছেন।” একই পোস্টে তিনি নিজের প্রিয় রং হিসেবে গেরুয়ার কথা উল্লেখ করে বলেন, ভারতের জাতীয় পতাকার এই রংটি তার সবচেয়ে প্রিয়।
এই মন্তব্যকে চলচ্চিত্র নির্মাতা সিবি মালয়িলকে উদ্দেশ করে করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়।
এর জবাবে সিবি মালয়িলের ছেলে জো মালয়িল ইনস্টাগ্রাম স্টোরিতে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, “আপনি যাকে ‘ব্যর্থ চলচ্চিত্র নির্মাতা’ বলছেন, তিনি আমার বাবা। বিষয়টি ব্যক্তিগত পর্যায়ে নিয়ে গেছেন আপনি। তাই এবার জবাবও ব্যক্তিগতভাবেই পাবেন।”
জো মালয়িল তার বাবার বিরুদ্ধে করা মন্তব্যের তীব্র সমালোচনা করে পার্লে মানির অবস্থানকে দ্বিচারিতাপূর্ণ বলেও অভিযোগ করেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস