বিনোদন ডেস্ক
ফুটবল বিশ্বকাপ থেকে বিদায়ের পর এবার নতুন এক অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। ফুটবলের পাশাপাশি এবার অভিনয় ও প্রযোজনায়ও নাম লিখাচ্ছেন তিনি। ব্রিটিশ নির্মাতা ম্যাথিউ ভন এবং অভিনেতা ড্যামিয়ান লুইসের সঙ্গে যৌথভাবে একটি টেলিভিশন ড্রামা সিরিজে অভিনয় ও নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করবেন রোনালদো।
ব্রিটিশ গণমাধ্যম দ্য সান–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের ফুটবল এজেন্টদের পর্দার আড়ালের জীবন নিয়ে নির্মিত হতে যাওয়া এই সিরিজে রোনালদোর পাশাপাশি আরও কয়েকজন খ্যাতিমান ক্রীড়াবিদ ও বিনোদনজগতের তারকাও অংশ নেবেন।
ইতোমধ্যে লন্ডনে সিরিজটির শুটিং শুরু হয়েছে। ফুটবল এজেন্ট ড্যারেন ডেইনের ধারণার ভিত্তিতে নির্মিত সিরিজটির নাম ‘ডে ওয়ানস’। এতে ‘স্ট্যানলি ডাল্টন’ নামে এক কাল্পনিক ফুটবল এজেন্টের চরিত্রে অভিনয় করছেন ড্যামিয়ান লুইস।
প্রতিবেদন অনুযায়ী, ফরাসি ফুটবল কিংবদন্তি থিয়েরি অঁরি এবং ব্রিটিশ র্যাপার ডেভও বিশেষ উপস্থিতিতে এই সিরিজে অভিনয় করবেন।
রোনালদো শুধু অভিনয়েই সীমাবদ্ধ থাকছেন না; তিনি সিরিজটির এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবেও দায়িত্ব পালন করবেন। এটি গত বছর প্রতিষ্ঠিত রোনালদো ও ম্যাথিউ ভনের যৌথ প্রযোজনা প্রতিষ্ঠান ইউআর•মার্ভ স্টুডিওস–এর প্রথম বড় অফিসিয়াল প্রকল্প। নিজস্ব অর্থায়নে নির্মিত এই সিরিজটি প্রতিষ্ঠানটির অন্যতম উচ্চাভিলাষী উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
এর আগে এই যৌথ প্রযোজনা সংস্থা দুটি ক্রীড়াভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করেছে। ভবিষ্যতেও প্রযুক্তি ও আধুনিক গল্প বলার সমন্বয়ে নতুন প্রকল্প নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে তাদের।
বিশ্বখ্যাত নির্মাতা ম্যাথিউ ভন এর আগে ‘লক, স্টক অ্যান্ড টু স্মোকিং ব্যারেলস’, ‘লেয়ার কেক’, ‘কিংসম্যান’ এবং ‘এক্স-মেন: ফার্স্ট ক্লাস’–এর মতো জনপ্রিয় চলচ্চিত্র নির্মাণ করেছেন।
বর্তমানে ৪১ বছর বয়সী রোনালদো সৌদি আরবের ক্লাব আল-নাসরের হয়ে খেলছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপে পর্তুগাল শেষ ষোলোতে পরবর্তীতে চ্যাম্পিয়ন হওয়া স্পেনের কাছে হেরে বিদায় নেয়। সেই আসরেই বিশ্বকাপে রোনালদোর বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তি ঘটে।
তবে নতুন এই সিরিজে রোনালদোর সম্পৃক্ততা নিয়ে ডেডলাইন–এর পক্ষ থেকে রোনালদো, ম্যাথিউ ভন ও ড্যামিয়ান লুইসের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: ডেডলাইন