নিউজ ডেস্ক
মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছে। রোববার দুপুর থেকে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটিতে প্রবেশ ও ব্যবহার করতে গিয়ে সমস্যার মুখে পড়ছেন।
ব্যবহারকারীদের অভিযোগ, অনেকেই ফেসবুকে লগইন করতে পারছেন না। কারও ক্ষেত্রে অ্যাপ ও ওয়েবসাইট স্বাভাবিকভাবে লোড হচ্ছে না, আবার অনেকের নিউজফিড আপডেট হচ্ছে না। পোস্ট, মন্তব্য ও অন্যান্য ফিচার ব্যবহারের ক্ষেত্রেও সমস্যার কথা জানিয়েছেন অনেকে।
অনলাইন সেবা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউন ডিটেক্টর-এর তথ্য অনুযায়ী, রোববার দুপুর দেড়টার পর থেকে ফেসবুকের বিভিন্ন সেবায় সমস্যা সংক্রান্ত অভিযোগ দ্রুত বাড়তে শুরু করে। অল্প সময়ের মধ্যেই কয়েক লাখ ব্যবহারকারী বিভ্রাটের বিষয়ে রিপোর্ট করেন।
তবে এ বিভ্রাটের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে মেটার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। প্রযুক্তিগত ত্রুটির কারণ অনুসন্ধানে প্রতিষ্ঠানটি কাজ করছে কি না, সে বিষয়েও বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে বিভিন্ন সময়ে ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারে একই ধরনের সাময়িক বিভ্রাট দেখা গেলেও বেশির ভাগ ক্ষেত্রেই কয়েক ঘণ্টার মধ্যে সেবা স্বাভাবিক হয়ে আসে।
সূত্র: ডাউন ডিটেক্টর