স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জয়ের উচ্ছ্বাসে ভাসছে স্পেন। তবে উদযাপনের মাঝেই আলোচনার নতুন খোরাক হয়ে উঠেছে ফাইনালে গাভি ও আর্জেন্টিনার লেয়ান্দ্রো পারেদেসের উত্তপ্ত বাক্যবিনিময়। সেই ঘটনাকে ঘিরে এবার সামাজিক যোগাযোগমাধ্যম ও বিজয় উদযাপনে ব্যঙ্গাত্মক বার্তার মাধ্যমে পারেদেসকে ট্রল করেছেন স্প্যানিশ সমর্থকরা।
ফাইনালের শেষদিকে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ম্যাচ শেষে এরিক গার্সিয়াকে রক্ষা করতে গিয়ে পারেদেসের মুখোমুখি হন স্পেনের তরুণ মিডফিল্ডার গাভি। দুজনের মধ্যে তীব্র বাক্যবিনিময় ও ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে, যা ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
শিরোপা জয়ের পর মাদ্রিদের ঐতিহ্যবাহী সিবেলেস চত্বরে আয়োজিত বিজয় মিছিলে এক সমর্থকের হাতে থাকা ব্যানার সবার নজর কাড়ে। ব্যানারের এক পাশে ছিল লামিনে ইয়ামালের ছোট ভাই কেইনের ছবি, আর অপর পাশে লেখা ছিল— গাভি ও পারেদেসের মধ্যে একটি বক্সিং ম্যাচ আয়োজনের আহ্বান। জনপ্রিয় স্প্যানিশ ইভেন্ট ‘ভেলাডা দেল আনো VII’–এর আদলে এই ব্যঙ্গাত্মক বার্তাটি তৈরি করা হয়।
বিজয় মিছিলে থাকা স্পেনের খেলোয়াড়রাও ব্যানারটি দেখে মজা পান। বিশেষ করে ফ্যাবিয়ান রুইজ ও লামিনে ইয়ামাল ব্যানারটি দেখে হাসিতে ফেটে পড়েন এবং গাভিকে দেখিয়ে বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে রসিকতা করেন।
বিশ্বকাপ ফাইনালের উত্তেজনা মাঠের গণ্ডি পেরিয়ে সমর্থকদের মধ্যেও ছড়িয়ে পড়েছে। আর সেই আবহেই গাভি-পারেদেসের সংঘাত এখন স্প্যানিশ ফুটবল সমর্থকদের ট্রল ও হাস্যরসের নতুন উপাদানে পরিণত হয়েছে।
সূত্র: মার্কা