স্টাফ রিপোর্টার
প্রায় চার মাস হরমুজ প্রণালিতে অবরুদ্ধ থাকার পর রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’-এর ১৬ নাবিক মঙ্গলবার দেশে ফিরছেন।
সোমবার (২০ জুলাই) রাতে জাহাজটির চিফ ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, জাহাজের ১৭ জন নাবিক দক্ষিণ আফ্রিকার ডারবান বন্দর থেকে ‘সাইন অফ’ করেছেন। তবে তিনি নিজে এখনই দেশে ফিরছেন না।
রাশেদুল হাসান বলেন, “আমি ছাড়া অন্য ১৬ জন নাবিক মঙ্গলবার বিকেল ৫টা ২৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।”
তিনি আরও জানান, জাহাজের ক্যাপ্টেন শফিকুল ইসলামসহ ১৬ জন নাবিক দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ডারবানের কিং শাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা হয়েছেন। মঙ্গলবার সকালে সেখান থেকে ঢাকার উদ্দেশে তাদের ফ্লাইট ছাড়বে।
চিফ ইঞ্জিনিয়ার রাশেদুল হাসানও জাহাজ থেকে সাইন অফ করলেও তিনি যুক্তরাষ্ট্রে যাবেন। পরে সেখান থেকে দেশে ফিরবেন বলে জানিয়েছেন।
হরমুজ প্রণালির অবরুদ্ধতা কাটিয়ে গত ২৬ জুন সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে দক্ষিণ আফ্রিকার ডারবান বন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে ‘বাংলার জয়যাত্রা’। জাহাজের অবস্থান পর্যবেক্ষণকারী ওয়েবসাইট মেরিন ট্রাফিক-এর তথ্য অনুযায়ী, ১৬ জুলাই এটি ডারবান বন্দরে পৌঁছায়।
ডারবান বন্দরে জাহাজটি সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে আনা ৩৭ হাজার ৫০০ টন সার খালাস করছে। চিফ ইঞ্জিনিয়ার জানান, সার খালাসের পর জাহাজে চিনি বোঝাই করা হবে। এরপর জাহাজে থাকা অন্য নাবিকরা এটি নিয়ে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করবেন।
উল্লেখ্য, ১১৫ দিন হরমুজ প্রণালিতে আটকে থাকার পর গত ২৩ জুন বাংলাদেশ সময় রাত ৩টার দিকে প্রণালিটি অতিক্রম করে ‘বাংলার জয়যাত্রা’। পরে একই দিন সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরে নোঙর করে জাহাজটি।
সিঙ্গাপুরভিত্তিক একটি কোম্পানির অধীনে ভাড়ায় পরিচালিত বিএসসির মালিকানাধীন এই জাহাজটিতে ৩১ জন বাংলাদেশি নাবিক কর্মরত ছিলেন।
গত ২৭ ফেব্রুয়ারি দুবাইয়ের জেবেল আলী বন্দরে পৌঁছানোর পরদিনই ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হলে হরমুজ প্রণালিতে আটকা পড়ে জাহাজটি। তিনবার চেষ্টা করেও প্রণালি অতিক্রম করতে না পারলেও শেষ পর্যন্ত ২২ জুন শারজাহ বন্দরের বহির্নোঙর এলাকা থেকে যাত্রা শুরু করে ২৩ জুন নিরাপদে হরমুজ প্রণালি পার হতে সক্ষম হয়।