Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ● নিজামপুরে প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চিংড়ি শুঁটকি, ভোগান্তিতে শিক্ষার্থীরা ● আরাকান আর্মির হাতে আটক আরও ৪১ জেলে দেশে ফিরলেন, বছরে ফেরত ৩২৩ জন ● ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩ ● প্রথমবারের মতো পাকিস্তান সফরে যাচ্ছে আয়ারল্যান্ড ● হাসিনার ফেরা আর প্রত্যর্পণ এক নয় : ভারত ● ‘আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বড় বিপদে পড়বে জামায়াত-এনসিপি’ ● এ দেশে আর কখনও ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ও প্রত্যাবর্তন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ● গ্রাহকসেবা উন্নয়নে গ্রামীণফোনের নতুন উদ্যোগ ● লালমোহনে ইউএনওর স্বাক্ষর জাল করে স্কুলভবন ভাঙার চেষ্টার অভিযোগ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নিজামপুরে প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চিংড়ি শুঁটকি, ভোগান্তিতে শিক্ষার্থীরা

মিজানুর রহমান রিপন, কলাপাড়া (পটুয়াখালী)

প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর,২০২৬, ০৭:৫১ পিএম
নিজামপুরে প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চিংড়ি শুঁটকি, ভোগান্তিতে শিক্ষার্থীরা

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর সদর ইউনিয়নের ৪৯ নম্বর নিজামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চিংড়ি শুঁটকি প্রক্রিয়াজাতকরণ এবং বিদ্যালয় ভবনের নিচে মাছ ধরার জাল মেরামতের অভিযোগ উঠেছে। এতে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা।

বুধবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের জমিদাতা সিদ্দিক মুন্সীর ছত্রছায়ায় বিদ্যালয়ের মাঠে চিংড়ি মাছ শুকানো হচ্ছে। পাশাপাশি বিদ্যালয় ভবনের নিচে মাছ ধরার জাল মেরামতের কাজ চলছে। অভিযোগ রয়েছে, মাঠে মাছ শুকানোর কারণে আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এতে শ্রেণিকক্ষের পরিবেশ দূষিত হচ্ছে এবং পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এ ছাড়া বিদ্যালয়ের গেটের তালা ভেঙে খেলার মাঠে গরু চরানোর অভিযোগও উঠেছে সিদ্দিক মুন্সীর বিরুদ্ধে। ফলে শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে খেলাধুলা করতে পারছে না এবং বিদ্যালয়ের মাঠ ব্যবহারের সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছে।

বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাইশা আক্তার বলে, ‘মাছের গন্ধে আমরা ঠিকমতো ক্লাস করতে পারি না, বমি আসে।’ আরেক শিক্ষার্থী জানায়, বিদ্যালয়ের মাঠে মাছ ও জাল শুকানো এবং গরু চরানোর কারণে তারা খেলাধুলা করতে পারে না।

অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের জমিদাতা সিদ্দিক মুন্সীর কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘বৃষ্টির সময় কিছু জেলে মাছ ও জাল স্কুল ভবনের নিচে রাখে। তবে আমি তাদের নিষেধ করেছি।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘বিদ্যালয়ের মাঠে স্থানীয় কিছু ব্যবসায়ী মাছ শুঁটকি করছে এবং জাল মেরামত করছে। বিষয়টি দেখার পর আমি তাদের বারবার নিষেধ করেছি। আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকেও জানিয়েছি। তিনি এসেও নিষেধ করেছেন। তারপরও তারা কথা শুনছেন না।’

উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা দীপশিখা জয়ন্তী বলেন, ‘প্রধান শিক্ষকের কাছ থেকে বিষয়টি জেনেছি। আমি নিজেও গিয়ে মাছ শুকাতে ও জাল রাখতে নিষেধ করেছি। কিন্তু তারা আমার কথাও শোনেননি। বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করব। পাশাপাশি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

স্থানীয়দের মতে, বিদ্যালয়ের মাঠ শিশুদের খেলাধুলা ও শিক্ষার পরিবেশের জন্য নির্ধারিত। সেখানে বাণিজ্যিকভাবে মাছ শুকানো, জাল মেরামত এবং গবাদিপশু চরানোর মতো কর্মকাণ্ড বন্ধ করা জরুরি।

এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় সচেতন মহল। শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)