স্টাফ করেসপন্ডেন্ট
স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, এ দেশে আর কখনও ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ও প্রত্যাবর্তন হবে না।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে যখনই স্বৈরতন্ত্রের আবির্ভাব হয়েছে, প্রতিবারই বিএনপির নেতৃত্বে গণতন্ত্র মুক্ত হয়েছে। একবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আরেকবার দলের নেতা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র মুক্ত হয়েছে।
তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মধ্য দিয়ে দেশের প্রায় অবরুদ্ধ গণতন্ত্র মুক্ত হয়েছিল। স্বাধীনতা যখন পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হওয়ার পথে, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নেতৃত্ব দিয়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করেছিলেন। এটি দেশের ইতিহাসের অংশ।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা গণতান্ত্রিক আচরণ করব। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করব। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করব। এ দেশে আর কখনও ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ও প্রত্যাবর্তন হবে না। এই প্রতিজ্ঞা আমাদের আছে, এ দেশের জনগণেরও আছে।’