নিউজ ডেস্ক
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩ জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২৭ জনে। এ সময়ে আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ৭৮ হাজার ১৪০ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি ঢাকা বিভাগের বাসিন্দা। একই সময়ে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪০১ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৯ জন, খুলনা ও রাজশাহী বিভাগে ১১৮ জন করে, বরিশাল বিভাগে ১১৫ জন, রংপুর বিভাগে ৬৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪৩ জন এবং সিলেট বিভাগে ৬ জন রয়েছেন।
ঢাকা মহানগরের চিত্রে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ১২০ জন এবং বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে ৩৪ জন চিকিৎসা নিচ্ছেন।
চলতি বছর ঢাকা মহানগরে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ৮৯১ জন। এ সময়ে মারা গেছেন ২৩৩ জন। বর্তমানে মহানগরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৭৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ৭৫২ জন। বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৪ হাজার ৮৬১ জন।