স্টাফ করেসপন্ডেন্ট
জাতীয় সংলাপ করতে হলে আওয়ামী লীগকেও আলোচনার টেবিলে রাখতে হবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। আওয়ামী লীগ ক্ষমা চাইবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা করবে কি না জানি না, আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না।’
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪-এর একটি টকশোতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
জাতীয় সংলাপের প্রয়োজনীয়তা এবং আওয়ামী লীগকে আলোচনায় রাখার বিষয়ে রুমিন ফারহানা বলেন, আওয়ামী লীগকে বাইরে রেখে আলোচনা করা হলে তা যেকোনো কিছু হতে পারে, কিন্তু জাতীয় সংলাপ হতে পারে না।
তিনি বলেন, ‘লাফ দিয়ে কিছু মূর্খ আমাকে এখন বলবে আমি আওয়ামী লীগ করি। আমি ওই মূর্খদের উদ্দেশে কথাটা বলছি না। আমি আওয়ামী লীগ করি না, সেটা আমি জানি। ভবিষ্যতেও করব না।’
দেশে ৪০ শতাংশ মানুষ আওয়ামী লীগের সমর্থক বলে উল্লেখ করে তিনি বলেন, জরিপ অনুযায়ী শেখ হাসিনা দেশ ছাড়ার সময়ও আওয়ামী লীগের সমর্থন ছিল ২৫ শতাংশ। বর্তমানে এই সংখ্যা ৪০ শতাংশ বলে দাবি করেন তিনি। তাঁর মতে, এত বিপুলসংখ্যক মানুষকে আলোচনার বাইরে রেখে কোনো সংলাপকে জাতীয় সংলাপ বলা যায় না।
আওয়ামী লীগকে আলোচনায় আনার ক্ষেত্রে দলটির অপরাধ স্বীকার ও অনুশোচনার বিষয়টি নিয়েও কথা বলেন এই সংসদ সদস্য। তিনি বলেন, তাদের আলোচনার টেবিলে আনতে হবে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
আওয়ামী লীগ ক্ষমা চাইবে কি না- এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, ‘তারা প্রকাশ করবে কি না, আমি জানি না। আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না। এদের কাছে কী? চাইতাম, যদি আমার চেয়ে বেটার শাসন তুমি দিতে পারতা।’
তবে আওয়ামী লীগ অপরাধ করেছে কি না- এমন প্রশ্নে তিনি বলেন, ‘সার্টেইনলি (অবশ্যই)।’
দলটির বিচারের বিষয়ে তিনি বলেন, যারা অপরাধ করেছে, তাদের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আওয়ামী লীগকে আলোচনার টেবিলে এনে তারা নিজেদের কর্মকাণ্ডের জন্য লজ্জিত বা অনুতপ্ত কি না, তা জানতে হবে।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান তুলে ধরে রুমিন ফারহানা বলেন, ‘এখন আমাদের ওয়েট অ্যান্ড সি ছাড়া কোনো অপশন নাই, আমরা যারা পলিটিশিয়ান। আমি প্যাশনেটলি রাজনীতিটা করি। এখন সামনের পরিস্থিতি অত্যন্ত কুয়াশাচ্ছন্ন এবং ঘোলা। অনেক কিছুই জানুয়ারির মধ্যে পরিষ্কার হবে।’
রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক দূরত্ব ও বিভাজন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। ১৯৪৭ সালের দেশভাগের প্রেক্ষাপট নিয়ে নিজের পড়াশোনার প্রসঙ্গ টেনে রুমিন ফারহানা বলেন, ধর্মীয় বিভাজনের মতো রাজনৈতিক মত ও পথের পার্থক্য থেকেও সমাজে বিভক্তি ও সহিংসতা তৈরি হচ্ছে।
তিনি বলেন, ‘বিভাজনটা এখন ধর্মের ভিত্তিতে না হলেও আরও বহু কারণে, বহু রাজনৈতিক মত ও পথের কারণে আমি ওই হিংস্রতাটা দেখি। রাজনীতিবিদরা একজন আরেকজনের সঙ্গে বসে চা খাওয়া তো দূরের কথা, তাকায়ও না পর্যন্ত। এটা কোনো ভালো দিকে আপনাকে নেবে না।’