স্টাফ করেসপন্ডেন্ট
চট্টগ্রাম নগরীর হালিশহরে দিনে-দুপুরে পুলিশের একটি পিকআপ ভ্যান চুরির ঘটনা ঘটেছে। পুলিশ সদস্যরা গাড়ি রেখে পাশের রেস্টুরেন্টে ভাত খেতে গেলে এ সুযোগে পিকআপটি নিয়ে পালিয়ে যায় এক চোর। খাবার খেয়ে ফিরে এসে গাড়ি না পেয়ে হতবাক হয়ে যান পুলিশ সদস্যরা।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, হালিশহর থানার কয়েকজন পুলিশ সদস্য একটি পুরোনো সিঙ্গেল ডেকার পিকআপ ভ্যান নিয়ে টহলে বের হন। একপর্যায়ে তারা জেলা পুলিশ লাইনের সামনে সড়কে গাড়িটি রেখে পাশের একটি রেস্টুরেন্টে খাবার খেতে যান। এই সুযোগে এক ব্যক্তি পিকআপ ভ্যানে উঠে দ্রুত সেটি নিয়ে পালিয়ে যান।
নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ বলেন, হালিশহর থানার একটি পুরোনো সিঙ্গেল ডেকার পিকআপ ভ্যান নিয়ে টহল টিমের সদস্যরা বের হয়েছিলেন। সম্ভবত দলে তিনজন পুলিশ সদস্য ছিলেন। তারা গাড়িটি পুলিশ লাইনের সামনে রেখে পাশের রেস্টুরেন্টে ভাত খেতে গিয়েছিলেন।
তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি পিকআপে উঠে দ্রুত সেটি নিয়ে পালিয়ে গেছেন। চোরকে গ্রেপ্তার ও গাড়িটি উদ্ধারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
এদিকে, প্রকাশ্য দিবালোকে পুলিশ সদস্যদের ব্যবহৃত গাড়ি চুরির ঘটনায় নগর পুলিশের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চুরি যাওয়া পিকআপ ভ্যান উদ্ধারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।
ঘটনার বিষয়ে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল বলেন, তদন্ত করে ঘটনার বিস্তারিত জানানো হবে।