আন্তর্জাতিক ডেস্ক
বাংলাদেশ, ভারত, নেপাল, সুদান ও পাকিস্তানের ৫৩ জন অভিবাসনপ্রত্যাশীকে মারধরের পর চলতি সপ্তাহের শুরুতে জোরপূর্বক বসনিয়া-হারজেগোভিনায় ফেরত পাঠানোর অভিযোগ উঠেছে ক্রোয়েশিয়ার পুলিশের বিরুদ্ধে। তবে এ ধরনের কোনো ঘটনার তথ্য তাদের কাছে নেই বলে জানিয়েছে ক্রোয়েশিয়ার কর্তৃপক্ষ।
মানবাধিকার সংগঠন ও স্বাধীন গণমাধ্যমগুলোর দীর্ঘদিনের অভিযোগ, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বহিঃসীমান্ত দিয়ে অনিয়মিতভাবে প্রবেশের চেষ্টা করা অভিবাসনপ্রত্যাশীদের ক্রোয়েশিয়ার পুলিশ জোরপূর্বক বসনিয়াসহ সীমান্তবর্তী দেশগুলোতে ফেরত পাঠাচ্ছে। এ ধরনের ঘটনা ‘পুশব্যাক’ হিসেবে পরিচিত।
ক্রোয়েশিয়ার কর্তৃপক্ষ বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে। তবে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সংস্থা এসওএস বলকান রুট জানিয়েছে, সম্প্রতি ক্রোয়েশিয়ার পুলিশ ৫৩ জন অভিবাসনপ্রত্যাশীকে মারধর করে জোরপূর্বক বসনিয়ায় ফেরত পাঠিয়েছে।
এক বিবৃতিতে সংস্থাটি জানায়, এ ঘটনায় পাঁচজন অভিবাসনপ্রত্যাশীর হাত-পা ভেঙে গেছে এবং মাথায় আঘাত লেগেছে। অভিবাসনপ্রত্যাশীদের বর্ণনা অনুযায়ী, মুখোশ পরা ক্রোয়েশিয়ার পুলিশের প্রায় ১৫ জন সদস্য তাদের নড়াচড়া করতে দেখলেই মারধর করেছেন। সাম্প্রতিক মাসগুলোতে নথিভুক্ত সীমান্ত সহিংসতার ঘটনাগুলোর মধ্যে এটিকে অন্যতম নৃশংস ঘটনা বলে উল্লেখ করেছে সংস্থাটি।
শনিবার ক্রোয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাবোর বোজিনোভিচ বলেন, গণমাধ্যমের প্রতিবেদন থেকেই পুলিশ এ ঘটনা সম্পর্কে জানতে পেরেছে। এ ধরনের কোনো তথ্য তাদের কাছে নেই। এমনকি বসনিয়ার কর্তৃপক্ষ, বিশেষ করে দেশটির পুলিশের কাছ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি পাওয়া যায়নি।
এসওএস বলকান রুটের প্রতিষ্ঠাতা পেতার রোসানদিচ বলেন, এ ঘটনা বিচ্ছিন্ন কিছু নয়। ইউরোপীয় ইউনিয়নের বহিঃসীমান্তে এ ধরনের সহিংসতা ‘পদ্ধতিগত’ রূপ নিয়েছে।
বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, “ক্রোয়েশিয়ার কর্তৃপক্ষ, গণমাধ্যম, ইউরোপীয় ইউনিয়ন এবং অস্ট্রিয়ার রাজনীতিবিদেরা আর এ ঘটনা ধামাচাপা দিয়ে রাখতে পারেন না।”
সংস্থাটির তথ্য অনুযায়ী, ওই ৫৩ জন অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশ, ভারত, নেপাল, সুদান ও পাকিস্তানের নাগরিক। তাদের মধ্যে তিনজন নারী ও দুইজন শিশু ছিলেন। বসনিয়ার উত্তর-পশ্চিম সীমান্ত এলাকার ছয়টি পৃথক দল থেকে তাদের উদ্ধার করা হয়।
ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘতম বহিঃস্থ স্থলসীমান্তগুলোর একটির নিরাপত্তার দায়িত্বে রয়েছে ক্রোয়েশিয়া। বলকান অঞ্চল দিয়ে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের চেষ্টা করা অনিয়মিত অভিবাসনপ্রত্যাশীদের জন্য দেশটি একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট।
ইইউর সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের তথ্য অনুযায়ী, গত বছর বলকান রুটে ১২ হাজার ৫০০টির বেশি অনিয়মিত সীমান্ত পারাপারের ঘটনা শনাক্ত করা হয়েছে। ২০২৪ সালের তুলনায় এ সংখ্যা ৪২ শতাংশ কম।
তথ্যসূত্র: ইনফোমাইগ্রেন্টস।