নিজস্ব প্রতিবেদক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ছবি:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিকবিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চলমান চীন সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক এবং কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে।
বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, চীনের শিল্প, অবকাঠামো ও সেবা খাতে বড় ধরনের বিনিয়োগ রয়েছে। বর্তমানে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ১৮ বিলিয়ন ডলার। এ বাস্তবতায় প্রধানমন্ত্রীর সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, চীনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য বিশ্বনেতাদের কাছে ইতিবাচকভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে। বিশেষ করে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের অবস্থান ও উদ্যোগের প্রশংসা করেছেন বিভিন্ন দেশের নেতারা।
জলবায়ু ইস্যুতে সরকারের পদক্ষেপ তুলে ধরে রিজভী বলেন, নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুৎ খাতে কর-সুবিধা দেওয়া হয়েছে। ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় ২০ শতাংশ সৌরবিদ্যুৎ থেকে পাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
চীনের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, চীন এমন একটি দেশ, যা অন্য দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে না। একই সঙ্গে তিনি দাবি করেন, অতীতের একমুখী পররাষ্ট্রনীতির পরিবর্তে বর্তমানে বহুমুখী পররাষ্ট্রনীতির প্রতিফলন দেখা যাচ্ছে।
রিজভীর ভাষ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বহুমাত্রিক পররাষ্ট্রনীতির ভিত্তি স্থাপন করেছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সেই ধারাবাহিকতাই অনুসরণ করছেন।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রেখে স্বাধীন পররাষ্ট্রনীতি বাস্তবায়নের যে নীতি গ্রহণ করা হয়েছে, বর্তমান সরকারের কূটনৈতিক কর্মকাণ্ডে তার প্রতিফলন দেখা যাচ্ছে।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে রিজভী বলেন, এমন নীতি গ্রহণ করতে হবে যাতে সাধারণ, নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জীবনযাত্রা সহজ হয় এবং তাদের ভরণপোষণ নিশ্চিত করা যায়।
মুদি দোকানকে ভ্যাটের আওতায় আনার প্রস্তাবের সমালোচনা করে তিনি বলেন, ছোট ছোট মুদি দোকানের আয় সীমিত। তাই তাদের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো উচিত হবে না। তবে যারা কর দেওয়ার সক্ষমতা থাকা সত্ত্বেও করের বাইরে রয়েছেন, তাদের করের আওতায় আনার পক্ষে মত দেন তিনি।
সরকারকে জনগণের কাছে জবাবদিহিমূলক উল্লেখ করে রিজভী বলেন, জনগণের প্রত্যাশা ও স্বার্থকে গুরুত্ব দিয়েই রাষ্ট্র পরিচালিত হবে। নানা ষড়যন্ত্র ও প্রতিকূলতার মধ্যেও বিএনপির জনপ্রিয়তা অটুট রয়েছে বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রসঙ্গও তুলে ধরেন। কলকাতায় অবিভক্ত বাংলার শেষ প্রধানমন্ত্রী ও জাতীয় নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নামে একটি সড়কের নাম পরিবর্তনের ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, উপমহাদেশের একজন খ্যাতিমান নেতার নামে থাকা সড়কের নাম পরিবর্তন করা রুচিবিরোধী কাজ।
তিনি আরও বলেন, বাংলাদেশে ভারতের বিভিন্ন নেতার নামে প্রতিষ্ঠানের নাম এখনো বহাল রয়েছে, যা পারস্পরিক সম্মান ও শিষ্টাচারের পরিচয় বহন করে।