নিজস্ব প্রতিবেদক
চলতি জুন মাসের প্রথম ২৪ দিনে দেশে ২৩১ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। ফলে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ৯ কোটি ৬৩ লাখ ডলার প্রবাসী আয়।
বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. আরিফ হোসেন খান এ তথ্য জানান।
তিনি বলেন, গত বছরের একই সময় দেশে রেমিট্যান্স এসেছিল ২২৮ কোটি ৫০ লাখ ডলার। সে তুলনায় চলতি বছর প্রবাসী আয়ের প্রবাহ আরও বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের ২৪ জুন পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৫০৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলার, যা আগের বছরের তুলনায় ১৭ দশমিক ৭০ শতাংশ বেশি।
এর আগে মে মাসে দেশে আসে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে একক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। আর মার্চ মাসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স আসে, যা এখন পর্যন্ত একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের রেকর্ড।
এ ছাড়া এপ্রিলে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স দেশে আসে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত ২০২৪-২৫ অর্থবছরজুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে কোনো অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আয়ের রেকর্ড।
অর্থনীতিবিদদের মতে, বৈধ চ্যানেলে অর্থ প্রেরণে উৎসাহ, প্রণোদনা সুবিধা এবং প্রবাসীদের আস্থা বৃদ্ধির ফলে সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহ ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে।