নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
ছবি:
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, পবিত্র আশুরার শাশ্বত বাণী মানুষকে অন্যায়, অবিচার ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় এবং সত্য, সুন্দর ও আলোর পথ দেখায়।
আগামীকাল পবিত্র আশুরা (১০ মহররম) উপলক্ষে বৃহস্পতিবার (২৫ জুন) দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি পবিত্র আশুরা উপলক্ষে সর্বশেষ নবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রাণপ্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.), তাঁর পরিবারের সদস্য এবং কারবালার প্রান্তরে শাহাদতবরণকারী সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করেন।
বাণীতে তিনি বলেন, সমগ্র মুসলিম উম্মাহর জন্য পবিত্র আশুরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ একটি দিন। ইসলামের ইতিহাসে এ দিনটি নানা গুরুত্বপূর্ণ ঘটনার স্মারক হলেও কারবালার প্রান্তরে ইমাম হোসাইন (রা.) ও তাঁর সঙ্গীদের আত্মত্যাগ আশুরাকে দিয়েছে বিশেষ মর্যাদা ও গভীর মানবিক আবেদন।
রাষ্ট্রপতি বলেন, সত্য ও ন্যায় প্রতিষ্ঠা এবং ইসলামের মহান আদর্শ সমুন্নত রাখতে তাঁদের আত্মত্যাগ মানবজাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি আশা প্রকাশ করেন, পবিত্র আশুরার মহান শিক্ষা মানুষের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় জীবনে সত্য, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগাবে।
বাণীতে রাষ্ট্রপতি আরও বলেন, শান্তি ও কল্যাণের ধর্ম ইসলাম মানুষকে সত্য, ত্যাগ, আত্মশুদ্ধি ও ন্যায়ের পথে চলার শিক্ষা দেয়। ইসলাম সব ধরনের হানাহানি, হিংসা, বিদ্বেষ ও বিভেদ দূর করে সম্প্রীতি, সহমর্মিতা ও সৌহার্দ্যের বন্ধনে মানুষকে আবদ্ধ করে।
পবিত্র আশুরা উপলক্ষে তিনি একটি সাম্য, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও অব্যাহত অগ্রগতি কামনা করেন।