মহিবুল্লাহ জুয়েল, স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) অনুষ্ঠিত এ সভায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের ১ নম্বর সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিনসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সংগঠনের চলমান কার্যক্রম পর্যালোচনা, সাংগঠনিক সম্প্রসারণ, বিভিন্ন ইউনিটের কার্যক্রম আরও সক্রিয় ও কার্যকর করা, তৃণমূলের সঙ্গে সমন্বয় বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, একটি শক্তিশালী, জনসম্পৃক্ত ও সুশৃঙ্খল স্বেচ্ছাসেবক দল গড়ে তুলতে নিয়মিত সাংগঠনিক সভা, কর্মী মূল্যায়ন, তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং সাংগঠনিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখা প্রয়োজন। একই সঙ্গে নেতাকর্মীদের জনগণের পাশে থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সভায় আরও বলা হয়, সংগঠনের প্রতিটি ইউনিটকে সক্রিয় রেখে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সব কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি নতুন নেতৃত্ব বিকাশ, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং জনসম্পৃক্ত কার্যক্রম পরিচালনার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
সভা শেষে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করতে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। আগামী দিনের কর্মসূচি সফল করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে নিষ্ঠা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।