আন্তর্জাতিক ডেস্ক
ইয়েমেনে হুথি বাহিনীর হেফাজতে থাকা অবস্থায় জাতিসংঘের এক কর্মীর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। মোহাম্মদ আল-শামি নামের ওই কর্মী আটক অবস্থায় নির্যাতন বা দুর্ব্যবহারের শিকার হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছে সংস্থাটি। এ ঘটনায় পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, আল-শামির আটকের সময়কার পরিস্থিতি, তিনি যথাসময়ে পর্যাপ্ত চিকিৎসা পেয়েছিলেন কি না এবং তাঁর পরিবার ও জাতিসংঘকে মৃত্যুর খবর দ্রুত জানানো হয়নি কেন—এসব বিষয় তদন্তের আওতায় আনতে হবে।
ডুজারিক সতর্ক করে বলেন, আল-শামির সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা আন্তর্জাতিক মানবাধিকার আইনসহ প্রযোজ্য আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে।
মোহাম্মদ আল-শামি জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তরে কর্মরত ছিলেন। হুথি বাহিনীর নির্বিচার আটকের মধ্যে মৃত্যুবরণ করা জাতিসংঘের দ্বিতীয় কর্মী তিনি।
প্রতিবেদন অনুযায়ী, এক মাসেরও বেশি সময় আগে আল-শামির মৃত্যু হলেও সম্প্রতি তাঁর পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ, আটক অবস্থায় তাঁর সঙ্গে কী ধরনের আচরণ করা হয়েছিল এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছিল কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতিসংঘ।