চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
দেশব্যাপী শিশু-কিশোর ও তরুণদের অংশগ্রহণে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধনী অনুষ্ঠান ভোলার চরফ্যাশনে সরাসরি প্রদর্শন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে চরফ্যাশন উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রদর্শনের আয়োজন করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের নেতৃত্বে সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ক্রীড়াপ্রেমীরা অংশ নেন।
এর আগে খুলনা জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন ঘোষণা করেন। এ সময় রঙিন বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দেশের ৫০৩টি উপজেলায় একযোগে আয়োজিত এ ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হাজার হাজার শিক্ষার্থী ও উদীয়মান তরুণ ক্রীড়াবিদদের অভিবাদন জানান।
আয়োজকদের লক্ষ্য, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করে তাঁদের জাতীয় পর্যায়ে তুলে আনা। প্রথম আসরের সাফল্যের ধারাবাহিকতায় দ্বিতীয় আসরে রেকর্ডসংখ্যক ১৬ লাখ ২৩ হাজারের বেশি শিশু-কিশোর ও তরুণ ক্রীড়াবিদ বিভিন্ন ইভেন্টে অংশ নিতে নিবন্ধন করেছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তোলার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের দক্ষ ক্রীড়াবিদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।