নিজস্ব প্রতিবেদক
পোশাকশিল্পে সাম্প্রতিক বিশৃঙ্খলা সাধারণ শ্রমিকদের কাজ নয় বলে মন্তব্য করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান। তিনি বলেছেন, শিল্প খাত ও সমাজকে অস্থিতিশীল করতে একটি স্বার্থান্বেষী ও নৈরাজ্য সৃষ্টিকারী গোষ্ঠী এ পরিস্থিতি তৈরি করছে।
বৃহস্পতিবার ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের উলাইল এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডিআইজি জানান, সাভার, আশুলিয়া ও গাজীপুর অঞ্চল থেকে এখন পর্যন্ত যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের কেউই পেশায় শ্রমিক নন।
তিনি আরও বলেন, বর্তমানে শিল্পাঞ্চলগুলোতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে না। শ্রমিকরা নিরাপদ পরিবেশে স্বাভাবিকভাবে কাজ করছেন। অর্থনীতির অন্যতম চালিকাশক্তি শিল্প খাত সচল রাখতে ভোর থেকে মধ্যরাত পর্যন্ত পুলিশ সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।
এ সময় উপস্থিত ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং কারখানার নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রথম অগ্রাধিকার।
তিনি জানান, সাম্প্রতিক সহিংসতার ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় ইতোমধ্যে আটটি মামলা করা হয়েছে।
গত বুধবারের সহিংসতায় সাভার মডেল থানার একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহত হন। এসব ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ৩০ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া অন্যান্য ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।