বিনোদন ডেস্ক
হলিউডের জনপ্রিয় অভিনেতা জিয়ানকার্লো এস্পোসিতো।
ছবি:
জনপ্রিয় মার্কিন অভিনেতা জিয়ানকার্লো এস্পোসিতো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। ‘ব্রেকিং ব্যাড’, ‘বেটার কল সল’ ও ‘দ্য ম্যান্ডালোরিয়ান’-খ্যাত এই অভিনেতা বর্তমানে সৌদি আরবে একটি চলচ্চিত্রের শুটিংয়ে রয়েছেন।
সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল-শেখ জানিয়েছেন, এস্পোসিতো শাহাদাহ পাঠের মাধ্যমে ইসলাম গ্রহণ করেছেন। শুটিং চলাকালে মুসলিম সহকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ, স্থানীয় সংস্কৃতি এবং সৌদি জনগণের আতিথেয়তা তাকে ইসলামের প্রতি আকৃষ্ট করে বলে উল্লেখ করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে একটি মসজিদে মুসল্লিদের সঙ্গে নামাজ আদায় করতেও দেখা গেছে। এসব ভিডিও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
দীর্ঘ অভিনয়জীবনে জিয়ানকার্লো এস্পোসিতো টেলিভিশন ও চলচ্চিত্র জগতে নিজস্ব অবস্থান তৈরি করেছেন। বিশেষ করে ‘ব্রেকিং ব্যাড’-এ গাস ফ্রিং চরিত্রে অভিনয় করে তিনি বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এছাড়া ‘বেটার কল সল’, ‘দ্য ম্যান্ডালোরিয়ান’ এবং ‘দ্য বয়েজ’-এ তার অভিনয়ও প্রশংসিত হয়েছে।
বর্তমানে তিনি সৌদি আরবে নির্মাণাধীন উচ্চ বাজেটের চলচ্চিত্র Seven Dogs-এর শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। আন্তর্জাতিক তারকাদের অংশগ্রহণে নির্মিত এই প্রকল্পকে সৌদি আরবের বিনোদন শিল্প সম্প্রসারণের অন্যতম বড় উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
তবে এ বিষয়ে জিয়ানকার্লো এস্পোসিতোর ব্যক্তিগত বা আনুষ্ঠানিক কোনো পৃথক বক্তব্য এখনো প্রকাশ্যে আসেনি।