বিনোদন ডেস্ক
সামান্থা রুথ প্রভু।
ছবি:
রাতারাতি তারকাখ্যাতি আর সাফল্যের জোয়ারে ভেসে একসময় তীব্র অহংকার বাসা বেঁধেছিল মনে, আসক্ত হয়ে পড়েছিলেন খ্যাতির নেশায়—এমনই এক অকপট ও বিস্ফোরক স্বীকারোক্তি দিলেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের শুরুর দিককার মানসিক অবস্থা এবং পরবর্তীতে জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়ার গল্প শুনিয়েছেন তিনি।
সামান্থা জানান, একটি ছোট শহর থেকে উঠে আসা সাধারণ মেয়ের জন্য হঠাৎ এত বিপুল খ্যাতি, প্রতিপত্তি আর মানুষের অন্ধ ভালোবাসা পাওয়াটা ছিল এক অভাবনীয় রোমাঞ্চ। চারদিকে শুধু তাঁর নাম আর সিনেমা নিয়ে তুমুল উন্মাদনা দেখে তিনি নিজের অজান্তেই ‘খ্যাতির নেশায় আসক্ত’ হয়ে পড়েছিলেন।
ক্যারিয়ারের স্বর্ণালী সময়ের স্মৃতিচারণ করে ৩৯ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, একসময় তিনি বছরে টানা পাঁচটি সিনেমাও করেছেন এবং তার প্রায় সবগুলোই বক্স অফিসে ব্লকবাস্টার হিট হয়েছিল।
সামান্থা বলেন,"টানা সাফল্যের কারণে নির্মাতারা আমাকে ‘সোনার ডিম পাড়া হাঁস’ মনে করতেন। ফলে ক্যারিয়ারে যেমন বাড়তি চাপ তৈরি হয়েছিল, তেমনি মনের ভেতরেও এক ধরনের অহংকার বাসা বেঁধেছিল। তখন ভাবতাম, এই খ্যাতির জোয়ার কখনোই কমবে না। সবসময় আমি এভাবেই সাফল্যের চূড়ায় ভাসব।"
তবে সামান্থার এই আকাশচুম্বী অহংকার ও চিন্তাভাবনা আমূল বদলে যায় বছর কয়েক আগে, যখন তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য তাকে দীর্ঘদিনের জন্য ক্যামেরা ও লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া থেকে দূরে সরে যেতে হয়।
সেই কঠিন দিনগুলোর কথা স্মরণ করে তিনি বলেন,"একজন অভিনয়শিল্পী হিসেবে আমি এতটাই অহংকারী হয়ে উঠেছিলাম যে মনে হতো এই পথের কোনো শেষ নেই, আর আমি সেই শেষটা দেখতেও চাইনি। কিন্তু মারাত্মক অসুস্থ হয়ে যখন বাধ্যতামূলক বিরতি নিতে বাধ্য হলাম, ঠিক তখনই আমার সেই ভুলটা ভেঙেছিল। বুঝতে পেরেছিলাম, জীবন কতটা অনিশ্চিত।"
এই বাধ্যতামূলক বিরতি সামান্থার জীবন ও যাপন প্রণালীতে বড় ধরনের পরিবর্তন এনেছে। এখন তিনি অনেক বেশি বাস্তববাদী এবং পরিবর্তিত ইতিবাচক চিন্তা-ভাবনা নিয়েই শোবিজ দুনিয়ায় পা ফেলছেন।
অসুস্থতা কাটিয়ে সামান্থা এখন সম্পূর্ণ সুস্থ এবং নতুন উদ্যমে কাজে ফিরেছেন। আগামী ১৯ জুন মুক্তি পেতে যাচ্ছে তাঁর অভিনীত ও প্রযোজিত নতুন সিনেমা ‘মা ইন্তি বাঙ্গারাম’। এছাড়া ওটিটি প্ল্যাটফর্মে ভারতের খ্যাতিমান নির্মাতা জুটি রাজ ও ডিকের আসন্ন মেগা সিরিজ ‘রক্ত ব্রহ্মাণ্ড’-এও একটি প্রধান চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে। ভক্তরা আশা করছেন, জীবনের নতুন উপলব্ধি নিয়ে সামান্থা পর্দায় আরও শক্তিশালী পারফরম্যান্স উপহার দেবেন।