বিদুষী বর্ণিতা।
ছবি:
এ বছরের ‘লাক্স সুপারস্টার’ প্রতিযোগিতার বিজয়ী বিদুষী বর্ণিতার অভিনয়জীবনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে নির্মাতা শিহাব শাহীন-এর নতুন একটি ওয়েব ছবির মাধ্যমে।
লাক্স সুপারস্টারের গ্র্যান্ড ফিনালের মঞ্চে ঘোষণা দেওয়া হয়েছিল যে, প্রতিযোগিতার অন্যতম বিচারক রায়হান রাফী-র একটি ছবিতে অভিনয়ের সুযোগ পাবেন বর্ণিতা। তবে সেই পরিকল্পনার আগেই আরেক জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীনের প্রকল্পে যুক্ত হচ্ছেন তিনি।
জানা গেছে, শিহাব শাহীনের পরিচালনায় নির্মিতব্য একটি ওয়েব ছবিতে অভিনয়ের জন্য ইতোমধ্যে বর্ণিতার সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। আগামী মাসে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিদুষী বর্ণিতা বলেন, “আমরা এ বিষয়ে আলোচনা করেছি। সবকিছু ঠিক থাকলে আগামী মাসে শুটিং শুরু হবে। গল্পের কিছু অংশ শুনেছি, খুব ভালো লেগেছে। শিহাব শাহীন আমার প্রিয় নির্মাতাদের একজন। আমার প্রথম কাজ তার সঙ্গে হতে যাচ্ছে, এটা ভেবেই ভালো লাগছে।”
তবে প্রকল্পটি নিয়ে এখনই বিস্তারিত কিছু জানাতে রাজি নন নির্মাতা শিহাব শাহীন। তিনি জানিয়েছেন, ছবি সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা সংশ্লিষ্ট ডিজিটাল প্ল্যাটফর্ম থেকেই দেওয়া হবে। জানা গেছে, ওয়েব ছবিটি মুক্তি পাবে iScreen প্ল্যাটফর্মে।
অন্যদিকে, রায়হান রাফী বর্তমানে একাধিক চলচ্চিত্র ও ওটিটি প্রকল্প নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ফলে বর্ণিতাকে নিয়ে তার ঘোষিত প্রকল্পটি চলতি বছরে শুরু হওয়ার সম্ভাবনা কম। সেটি আগামী বছরে নির্মাণ হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে অভিনয়ে নিজেকে প্রস্তুত করতে সময় দিচ্ছেন বিদুষী বর্ণিতা। নিয়মিত চলচ্চিত্র দেখা, অভিনয়ের অনুশীলন এবং চরিত্র বিশ্লেষণের মাধ্যমে তিনি নিজেকে গড়ে তোলার চেষ্টা করছেন।
নতুন এই যাত্রায় দর্শকদের প্রত্যাশাও অনেক। এখন দেখার বিষয়, শিহাব শাহীনের ছবির মাধ্যমে পর্দায় প্রথম উপস্থিতিতেই কতটা ছাপ রাখতে পারেন লাক্স সুপারস্টার বিদুষী বর্ণিতা।