আন্তর্জাতিক ডেস্ক
ভারতের উত্তরপ্রদেশের রাজধানী লখনউ-এর আলিগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টার ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক।
কর্তৃপক্ষ জানায়, আগুন লাগার পর ভবনের ভেতরে বেশ কয়েকজন শিক্ষার্থী আটকা পড়ে। প্রাণ বাঁচাতে অনেকে প্রথম তলা থেকে লাফিয়ে বের হওয়ার চেষ্টা করেন। দীর্ঘ সময় চেষ্টার পর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলে ঘটনাস্থল থেকে অন্তত ১৪টি মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, ওই বহুতল ভবনে কোচিং সেন্টারের পাশাপাশি একটি গেমিং জোন, পোষা প্রাণীর সরঞ্জামের দোকান, পেট ক্লিনিকসহ একাধিক প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করছেন। এ সময় একজন নিচে পড়ে আহত হন এবং পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে কর্তৃপক্ষ নিশ্চিত করে যে ভবনের ভেতরে আর কেউ আটকা নেই।
ঘটনাস্থল পরিদর্শন শেষে উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক জানান, অন্তত চারজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ বলে উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করে নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।