সিলেট প্রতিনিধি
ভারপ্রাপ্ত ডিসি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা।
ছবি:
প্রত্যাহার আদেশের একদিন পরই সিলেট ছাড়ছেন আলোচিত জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম। নতুন জেলা প্রশাসক যোগদান না করা পর্যন্ত ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা।
সোমবার (২২ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন।
তিনি জানান, “আজ রাতেই জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সিলেট ত্যাগ করার কথা রয়েছে। তিনি চলে যাওয়ার পর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করবেন।”
এর আগে সরকারি আদেশে সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়। তিনি দায়িত্ব পালনকালে একাধিক কারণে আলোচনায় ছিলেন। সাদাপাথর লুটকাণ্ডের সময় সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন প্রশাসনিক পদক্ষেপের কারণে আলোচনায় আসেন তিনি।
সাম্প্রতিক সময়ে হযরত শাহজালাল (রহ.) মাজার-এর মাত্র চার দিনের দানের টাকার হিসাব প্রকাশ নিয়ে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে আসেন সারওয়ার আলম। এর মধ্যেই তার প্রত্যাহার এবং সিলেট ত্যাগের বিষয়টি জনমনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
নতুন জেলা প্রশাসক যোগদান না করা পর্যন্ত জেলার প্রশাসনিক কার্যক্রম ভারপ্রাপ্ত ডিসি হিসেবে পিংকি সাহার তত্ত্বাবধানে পরিচালিত হবে।