বিনোদন ডেস্ক
সামাজিক যোগাযোগমাধ্যমে লোকগান পরিবেশন করে আলোচনায় আসা ফরিদপুরের লোকসঙ্গীত শিল্পী লাইলী বেগমকে ৩ লাখ টাকার বিশেষ আর্থিক অনুদান দিয়েছে সরকার। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়।
বুধবার (১৭ জুন) সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী শিল্পী লাইলী বেগমের হাতে অনুদানের চেক তুলে দেন। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা যায়, লাইলী বেগম দীর্ঘদিন ধরে রাস্তা-ঘাট, হাট-বাজার এবং বিভিন্ন জনসমাগমস্থলে খালি গলায় গান গেয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। সম্প্রতি ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের পৈতৃক বাড়িতে একটি নজরুলসংগীত পরিবেশন করে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হন। তার গান দ্রুত ছড়িয়ে পড়লে দেশজুড়ে প্রশংসা কুড়ান এই শিল্পী।
চেক হস্তান্তর অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী বলেন, লাইলী বেগম কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই নিজের মেধা, সাধনা ও প্রতিভার মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তিনি দেশের লোকজ সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্যকে ধারণ করে গান পরিবেশন করে চলেছেন।
মন্ত্রী আরও বলেন, এমন প্রতিভাবান ও মাটির কাছাকাছি থাকা শিল্পীদের রাষ্ট্রীয়ভাবে উৎসাহিত করতেই সরকার এই আর্থিক সহায়তা প্রদান করেছে। পাশাপাশি তাকে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মূলধারার সঙ্গে যুক্ত করতে ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমির কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুদান গ্রহণের পর আবেগঘন প্রতিক্রিয়ায় লাইলী বেগম বলেন, গ্রামের একজন সাধারণ শিল্পী হিসেবে সচিবালয়ে এসে এমন সম্মান পাবেন, তা কখনো কল্পনাও করেননি। সরকারের এই স্বীকৃতি তাকে আরও উৎসাহিত করবে এবং লোকসংগীত চর্চায় নতুন অনুপ্রেরণা যোগাবে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে লাইলী বেগমের পরিবেশিত লোকগান ও বাউলগানের একাধিক ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তার সুমধুর কণ্ঠ, সহজ-সরল উপস্থাপনা এবং লোকজ আবহের পরিবেশনা অল্প সময়ের মধ্যেই হাজারো দর্শকের প্রশংসা অর্জন করে।
স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনরা মনে করছেন, লাইলী বেগমের মতো গ্রামীণ শিল্পীদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেশের লোকসংগীতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং নতুন প্রজন্মকে লোকজ সংস্কৃতির প্রতি আরও আগ্রহী করে তুলবে।