ভারতের পশ্চিমবঙ্গে মুক্তির পর থেকেই দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে কৌশিক গাঙ্গুলী পরিচালিত চলচ্চিত্র ‘আজও অর্ধাঙ্গিনী’। সম্পর্কের গল্পে নির্মিত এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
২০২৩ সালের সুপারহিট ছবি ‘অর্ধাঙ্গিনী’-এর সিক্যুয়েল হিসেবে নির্মিত ‘আজও অর্ধাঙ্গিনী’ বক্স অফিসেও দারুণ সাফল্য দেখাচ্ছে। হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তির মাত্র পাঁচ দিনেই ছবিটির আয় ১ কোটি রুপি ছাড়িয়েছে।
গত ১০ জুলাই মুক্তির প্রথম দিনে ছবিটির আয় ছিল ১০ লাখ ৪১ হাজার রুপি। সপ্তাহান্তে দর্শক উপস্থিতি বাড়ায় শনিবার আয় হয় ২৩ লাখ ৫৩ হাজার রুপি এবং রবিবার ৩৫ লাখ ১৭ হাজার রুপি। সোমবার কর্মদিবসে ছবিটি আয় করে ১৩ লাখ ৫০ হাজারের বেশি রুপি। মঙ্গলবারও আয় বেড়ে দাঁড়ায় প্রায় ১৬ লাখ রুপিতে।
ছবিটির গল্প, নির্মাণশৈলী এবং অভিনয় ইতোমধ্যেই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। নির্মাতা ও অভিনয়শিল্পীরা দর্শকদের প্রতি অনুরোধ জানিয়েছেন, প্রেক্ষাগৃহের ভেতরে ভিডিও ধারণ না করতে এবং ছবির গুরুত্বপূর্ণ মোড় বা গল্পের চমক কাউকে না জানাতে।
এর আগে এক সাক্ষাৎকারে জয়া আহসান বলেন, ‘আজও অর্ধাঙ্গিনী’-তে এমন কিছু অপ্রত্যাশিত মোড় রয়েছে, যা দর্শকদের বিস্মিত করবে। ছবির কিছু পরিস্থিতি এতটাই হৃদয়স্পর্শী যে বাস্তব জীবনে কেউ যেন এমন অভিজ্ঞতার মুখোমুখি না হন—এমন প্রত্যাশার কথাও জানান তিনি।
ছবিতে জয়া আহসানের পাশাপাশি অভিনয় করেছেন চূর্ণী গাঙ্গুলি, কৌশিক সেন, লিলি চক্রবর্তী, অম্বরীশ ভট্টাচার্য ও ইন্দ্রাশিস রায়। তিন প্রধান অভিনয়শিল্পীর শক্তিশালী অভিনয় দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করছে।