নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিএনপি সরকারের ‘পায়ের তলায় মাটি নেই’। তিনি দাবি করেন, শিক্ষার্থী ও সাধারণ মানুষের আন্দোলনের কারণেই বর্তমান সরকারের নেতারা ক্ষমতায় এসেছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এনসিপির জুলাই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, তিনি সংসদে সংবিধান সংস্কার কমিটি নিয়ে যে মন্তব্য করেছেন, তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তার ভাষ্য, যদি সংবিধান সংস্কারের প্রশ্নই না ওঠে, তাহলে ২০২৬ সালের নির্বাচনও বর্তমান বাস্তবতায় সম্ভব হতো না।
তিনি আরও বলেন, বর্তমান সংবিধানের বিরুদ্ধেই ছাত্র-জনতা আন্দোলনে নেমেছিল। কিন্তু সরকার সেই আন্দোলনের চেতনার বিপরীতে অবস্থান নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সমালোচনা করে হাসনাত বলেন, সাম্প্রতিক এইচএসসি পরীক্ষায় বন্যাকবলিত পরিস্থিতির মধ্যেও শিক্ষার্থীদের পরীক্ষা দিতে হয়েছে। পাশাপাশি প্রশ্নপত্রে দুটি সৃজনশীল প্রশ্নে ভুল থাকার অভিযোগ তুলে তিনি বলেন, এতে পরীক্ষার্থীরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
শিক্ষামন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, “আপনি যাদের ‘ফার্মের মুরগি’ বলেন, সেই ফার্মের মুরগিরাই রাস্তায় নেমেছিল বলেই আজ আপনি শিক্ষামন্ত্রী হয়েছেন।”
তিনি আরও অভিযোগ করেন, শিক্ষার্থীদের ওপর বারবার নতুন শিক্ষানীতি ও পদ্ধতির পরীক্ষামূলক প্রয়োগ করা হচ্ছে। এ ধরনের কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের ‘গিনিপিগ’ হিসেবে ব্যবহার করা উচিত নয়।
পরীক্ষার্থীদের সঙ্গে সংবেদনশীল আচরণের আহ্বান জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, তাদের দাবি-দাওয়া উপেক্ষা করা হলে শিক্ষার্থীরা আবারও রাজপথে নামতে পারে। তখন সরকারের অবস্থান কতটা শক্ত, তা আরও স্পষ্ট হয়ে উঠবে।