নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ছাড়ার একদিনের মাথায় বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম। বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন।
বুধবার (১৫ জুলাই) বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে দলের সহযোগী সদস্যপদের ফরম পূরণ করেন সাদিক কায়েম। এ সময় ছাত্রশিবিরের সদ্যবিদায়ী আরও কয়েকজন নেতাও সদস্যপদের ফরম সংগ্রহ করেন।
এর আগে সোমবার (১৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম ইসলামী ছাত্রশিবির থেকে বিদায়ের ঘোষণা দেন। সংগঠনটিতে সর্বশেষ তিনি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।
জামায়াতের একাধিক সূত্র জানিয়েছে, গত জুনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সাদিক কায়েমের নাম প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। তবে বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানিয়েছেন, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম মজলিসে শূরার বৈঠকেই চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করা হবে।
এখনও কেন্দ্রীয়ভাবে কোনো প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে দলীয় সূত্রগুলোর দাবি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে সাদিক কায়েমের নামই সবচেয়ে এগিয়ে রয়েছে।